শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করব: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করবো: স্বরাষ্ট্রমন্ত্রী 

জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে তর্ক-বিতর্ক ও বহুমত থাকবে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐকমত্যে থাকতে হবে। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করবো। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। 


বিজ্ঞাপন


সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে জাতীয় সংসদ নামমাত্র থাকলেও মূল কেন্দ্র ছিল গণভবন। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। জাতীয় সব ইস্যু সেখানে আলোচনা হবে। শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর সংসদ গঠনই হবে আগামীর লক্ষ্য। 

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই রকম রাজনীতি এনসিপি যেন করে। রাজনীতি একটি গতিশীল বিষয়। আমাদের গতিশীলতাকে মেনে নিতে হবে। আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো।

প্রথম বছরই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় সাফল্য জানিয়ে সালাহউদ্দিন বলেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দলটি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। সময় লাগবে তবে সবকিছু ওভারনাইট (রাতারাতি) হয় না। রাজনীতির উত্থান-পতন যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ফুলকে দেখেছি শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এ দেশের জনমানুষের আকাঙ্ক্ষা তারা যেন ধারণ করে।


বিজ্ঞাপন


সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। 
 
এনসিপিকে নিয়ে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর