বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি সবসময় একটি ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছে, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটি সফল বিএনপি হওয়ার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই দলের কার্যক্রম ও অবস্থানের মধ্যে এই ধরনের প্রতিফলন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘সংবিধান ও সংস্কার: নতুন বাংলাদেশ নাকি পুরোনো ফ্যাসিবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বিএনপির প্রতি তার ব্যক্তিগত সহানুভূতি ও শুভকামনা রয়েছে, যা দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এসেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা দেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষায় প্রভাব ফেলেছে।’
মামুনুল হক বলেন, ‘যখনই বিএনপি রাজনৈতিকভাবে দুর্বল হয় বা কোনো সিদ্ধান্তে ভুল করে, তখন শুধু দলটি নয়, বরং দেশের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন আরও গভীর হয় এবং দেশের সাধারণ মানুষ এর প্রভাব ভোগ করে।’
তিনি অতীতের কয়েকটি রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, বিভিন্ন সময় বিএনপির নেওয়া কিছু সিদ্ধান্ত ও অবস্থান দলটিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর ফলে দলটি শুধু নয়, সমর্থক ও সাধারণ জনগণকেও ভোগান্তিতে পড়তে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে জনগণ বিকল্প পথ খুঁজতে পারে। তার মতে, জনগণের আশা-আকাঙ্ক্ষা বোঝা এবং সেই অনুযায়ী রাজনীতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মামুনুল হক আরও বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম এবং প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা আগের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত নয়।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির জন্য সব পক্ষেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সঠিক সিদ্ধান্ত ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা ও বাস্তবতা উপলব্ধি না করলে ভবিষ্যতে রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে। একই সঙ্গে তিনি দলের নেতাদের আত্মসমালোচনার আহ্বান জানান এবং জনগণের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
এএইচ/এমআই




