ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁ জেলার সহসওয়ান থানা এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী আব্দুল সালামসহ প্রবীণ তিন মুরব্বীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
বিজ্ঞাপন
বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘ইসলাম ধর্মকে কটাক্ষ করে প্রবীণ মুসলিমদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’
তিনি অভিযোগ করেন, ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও ভারতে হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানদের লক্ষ্য করে সহিংসতা চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘হিন্দুত্ববাদী গোষ্ঠী পুরো ভারতজুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। মুসলমানদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং নির্যাতনের মতো ঘটনার অবিলম্বে অবসান ঘটাতে হবে।’
এ ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
বিবৃতিতে মুসলিম বিশ্বকে ভারতের মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানান আবদুল কাইয়ূম।
একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তর জনগণের অনুভূতি বিবেচনায় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ভারতের এ ধরনের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবি জানান।
এম/এএম

