জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আবারও মুখ খুলেছেন কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। জামায়াতকে ভ্রান্ত দল আখ্যায়িত করে তাদের ভোট দেওয়া হারাম বলেও দাবি করেন বর্ষীয়ান এই আলেম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় খতমে বুখারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর বিভিন্ন আকিদার সমালোচনা করে হেফাজত আমির বলেন, ‘সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।’
মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ।’
আরও পড়ুন
জামায়াতকে ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের শুভেচ্ছা
ফের জামায়াতের কড়া সমালোচনা হেফাজত আমিরের
হেফাজত আমির বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
এবারের নির্বাচনে তিনি চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেন এবং তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের আমির এর আগেও বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন। যদিও আলোচিত সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক নেতা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সঙ্গে রয়েছেন এবং একসঙ্গে নির্বাচনও করছেন।
জেবি




