একসময় চীন ছিল বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। ১৯৭৮ সালে দেশটির অর্থনীতি ছিল দুর্বল, শিল্পকারখানা ছিল অনুন্নত, প্রযুক্তি ছিল পিছিয়ে এবং বিপুলসংখ্যক মানুষ বসবাস করতেন দারিদ্র্যের মধ্যে। অথচ মাত্র কয়েক দশকের ব্যবধানে সেই চীন আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, শিল্প উৎপাদনের প্রধান কেন্দ্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম শক্তিশালী দেশ। দেশটিতে প্রতিনিয়ত নতুন উদ্যোক্তার উত্থান ঘটছে। তরুণদের মধ্য থেকেও তৈরি হচ্ছেন বিলিয়নিয়ার।
এক বিলিয়ন ডলার সমান ১০০ কোটি ডলার। প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে এর মূল্য ১২ হাজার ৫০০ কোটি টাকা। ভাবা যায়, একজন উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের পরিমাণই হতে পারে কয়েক হাজার কোটি টাকা! প্রশ্ন হলো, চীন কীভাবে এত অল্প সময়ে এমন অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? বাংলাদেশের তরুণদের জন্যই বা দেশটির অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নেওয়ার আছে?
চীনের অর্থনৈতিক পরিবর্তনের সূচনা মূলত ১৯৭৮ সালে দেং শিয়াওপিংয়ের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতির মধ্য দিয়ে। কৃষি, শিল্প, বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে পরিবর্তন আনা শুরু হয়। কৃষিতে পরিবারভিত্তিক উৎপাদনব্যবস্থা চালু করা হয়। কৃষকেরা উৎপাদনের বাড়তি অংশের সুফল ভোগ করার সুযোগ পান। গ্রামাঞ্চলে গড়ে ওঠে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠান চীনের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চীনের ইতিহাসে ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিপ্লবের কারণে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুনরায় চালু হয়। এরপর উচ্চশিক্ষা পুনর্গঠনের পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ চীন শিক্ষাব্যবস্থাকে উৎপাদন ও অর্থনীতির প্রয়োজনের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছে।
চীনের অন্যতম সাফল্য হলো, তারা শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেনি; ক্ষুদ্র উদ্যোক্তা ও পারিবারিক উদ্যোগকেও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। গ্রামাঞ্চলের ছোট কারখানা থেকে শুরু করে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান—সব পর্যায়ে উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং রফতানিমুখী শিল্পনীতি দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।
তারা উপলব্ধি করতে পেরেছিল, শুধু আমদানি করে একটি দেশ শিল্পোন্নত হতে পারে না। নিজেদের পণ্য উৎপাদন করতে হবে, প্রযুক্তি শিখতে হবে, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে, নতুন বাজার তৈরি করতে হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে।
চীনের অর্থনৈতিক সাফল্যের আরেকটি বড় চালিকাশক্তি হলো উদ্যোক্তা সংস্কৃতি। প্রযুক্তি, ই-কমার্স, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, উৎপাদন ও ভোক্তাপণ্য খাতে উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং, শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন এবং ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এর উল্লেখযোগ্য উদাহরণ।
২০২৬ সালের হুরুন চায়না রিচ লিস্ট অনুযায়ী, ডলার বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে ১ হাজার ১৭৬-এ দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫৫ জন বেশি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, রোবটিকস ও শিল্পপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মনে রাখতে হবে, বিলিয়নিয়ারের তালিকা কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র মাপকাঠি নয়। এটি মূলত ব্যক্তিগত সম্পদ সৃষ্টির একটি চিত্র তুলে ধরে।
চীনের উদ্যোক্তারা শুধু চাকরি পাওয়ার কথা ভাবেন না; তাঁরা নতুন ব্যবসা, পণ্য ও বাজার তৈরির স্বপ্ন দেখেন। কেউ ছোট পরিসরে ব্যবসা শুরু করেন, পরে সেটিকে বড় প্রতিষ্ঠানে রূপ দেন। এই মানসিকতা গড়ে ওঠার পেছনে ব্যক্তিগত পরিশ্রমের পাশাপাশি রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি এবং রাষ্ট্রীয় নীতিসহায়তা।
এবার বাংলাদেশের দিকে তাকানো যাক। আমাদের দেশে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের বড় একটি অংশের প্রধান লক্ষ্য সরকারি চাকরি, ব্যাংকের চাকরি কিংবা কোনো প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরি পাওয়া। বিসিএস, ব্যাংক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক তরুণের জীবনের মূল্যবান কয়েকটি বছর কেটে যায়।
অবশ্যই চাকরির প্রয়োজন রয়েছে। প্রত্যেকের পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। কিন্তু একটি দেশের অধিকাংশ তরুণ যদি শুধু চাকরির অপেক্ষায় থাকেন, তাহলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কে? আমাদের শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থায় এ প্রশ্নটি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
শিক্ষাকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকেই কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প উৎপাদন, ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতার সুযোগ তৈরি করতে হবে। একজন তরুণ যেন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে মোবাইল ফোন মেরামত, ইলেকট্রনিকস পণ্য তৈরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সফটওয়্যার উন্নয়ন কিংবা কৃষিপণ্য বিপণনের মতো কাজে দক্ষ হয়ে উঠতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে হবে।
আরেকটি বড় সমস্যা হলো পুঁজির অভাব। অনেক তরুণের ব্যবসা করার আগ্রহ থাকলেও অর্থায়ন, প্রশিক্ষণ, বাজারসংযোগ ও প্রযুক্তিগত সহায়তার অভাবে তাঁরা এগোতে পারেন না। ব্যাংকগুলোও অনেক সময় ক্ষুদ্র উদ্যোক্তার পরিবর্তে বড় ব্যবসায়ী ও জামানতধারীদের ঋণ দিতে বেশি আগ্রহী। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন, ব্যবসায়িক পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে।
ইসলামী ব্যাংকগুলোকেও নির্দিষ্ট মুনাফাভিত্তিক মুরাবাহা অর্থায়নের পাশাপাশি মুশারাকা ও মুদারাবার মতো অংশীদারত্বভিত্তিক অর্থায়ন সম্প্রসারণে মনোযোগী হতে হবে। এতে উদ্যোক্তা ও ব্যাংকের মধ্যে চুক্তি অনুযায়ী বিনিয়োগ, ঝুঁকি ও মুনাফা ভাগাভাগির ভিত্তিতে উৎপাদনমুখী উদ্যোগ গড়ে উঠতে পারে। বিশেষ করে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য শরিয়াহসম্মত অংশীদারত্বভিত্তিক অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমাদের আরেকটি দুর্বলতা হলো, ব্যবসা শুরু করার আগেই বড় হওয়ার স্বপ্ন দেখি। অথচ ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জন, বাজার বোঝা এবং ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। একজন তরুণ হয়তো প্রথমে অনলাইনে পণ্য বিক্রি করবেন, পরে ছোট দোকান দেবেন, তারপর নিজস্ব উৎপাদনব্যবস্থা গড়ে তুলবেন। এভাবেই একটি ক্ষুদ্র উদ্যোগ একসময় বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতে উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতে দেশীয় উদ্যোক্তাদের গবেষণা, প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে। শুধু বিদেশি পণ্য আমদানি ও বিপণনের পরিবর্তে নিজস্ব ব্র্যান্ড ও উৎপাদনশিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।
এ ক্ষেত্রে সরকারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি ও হয়রানি কমানো, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। উদ্যোক্তা তৈরির নামে রাজনৈতিক পরিচয় কিংবা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধ করে যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য করনীতি, ব্যবসায়িক নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।
চীনের মডেল বাংলাদেশে হুবহু প্রয়োগ করা সম্ভব নয়। দুই দেশের অর্থনৈতিক কাঠামো, জনসংখ্যা, রাজনৈতিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ভিন্ন। চীনের উন্নয়নের পাশাপাশি পরিবেশদূষণ, আয়বৈষম্য, শ্রম অধিকার এবং অর্থনীতির কিছু খাতে অতিরিক্ত ঋণনির্ভরতার সমস্যাও রয়েছে। তাই অন্ধ অনুকরণ নয়, বরং তাদের সফল অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করতে হবে।
শিক্ষা এবং উচ্চশিক্ষা দুটোরই প্রয়োজন রয়েছে। তবে শিক্ষার সঙ্গে জীবিকা অর্জনের দক্ষতা ও বাস্তব কর্মসংস্থানের সংযোগ না থাকলে সেই শিক্ষা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যাশিত ফল দিতে পারে না।
কতজন বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা উচ্চপদস্থ চাকরিজীবী তৈরি হলো—একটি দেশের প্রকৃত শক্তি শুধু তা দিয়ে নির্ধারিত হয় না। বরং কতজন দক্ষ মানুষ তৈরি হলো, কতটি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠল, কতজনের কর্মসংস্থান হলো, কতটা প্রযুক্তিগত সক্ষমতা অর্জিত হলো এবং দেশ কতটা উৎপাদনশীল হয়ে উঠল—সেগুলো দিয়েই অর্থনৈতিক শক্তির প্রকৃত পরিচয় পাওয়া যায়।
বাংলাদেশের তরুণদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হওয়ার স্বপ্ন দেখতে হবে। রাষ্ট্রকে সেই স্বপ্ন বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। কারণ একটি জাতির সমৃদ্ধি শুধু চাকরির পদ বাড়িয়ে নয়, উদ্যোক্তা, উদ্ভাবক, দক্ষ কর্মী ও উৎপাদনশীল মানুষের সংখ্যা বাড়িয়েই নিশ্চিত করা সম্ভব। চীনের অর্থনৈতিক বিস্ময় থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাটি হতে পারে—পরনির্ভরতা নয়, দক্ষতা, উদ্ভাবন, বিনিয়োগ ও উৎপাদনশীলতার মাধ্যমেই অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হয়।
লেখক: ইসলামি ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকারকর্মী




