মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন, জাতিগত বৈষম্য, গণহত্যা ও বাস্তুচ্যুতির ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বিশ্বসভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৬ সালের ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আদালত ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষ্য অনুযায়ী, এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী ঘোষণা করেছেন। ফলে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে।
তবে এই রায়ের সার্থকতা শুধু ঐতিহাসিক ঘোষণা বা আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অপরাধীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হলেই এই বিচারিক অগ্রগতি অর্থবহ হবে। অন্যথায় আদালতের রায় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, কিন্তু মজলুম রোহিঙ্গাদের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
গাম্বিয়ার উদ্যোগে আন্তর্জাতিক বিচার
এই মামলার পেছনে রয়েছে গাম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও আইনি উদ্যোগ। ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যরাষ্ট্রের পক্ষে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ধ্বংসের ভয়াবহ বিবরণ তখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
গাম্বিয়ার এই উদ্যোগ প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো রাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক শক্তিই শেষ কথা নয়। একটি ছোট রাষ্ট্রও আন্তর্জাতিক আইনের আশ্রয় নিয়ে শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে বিচার চাইতে পারে। মামলার বিভিন্ন পর্যায়ে ১১টি রাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুযায়ী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এসব দেশের অংশগ্রহণ গণহত্যা সনদের ব্যাখ্যা ও আন্তর্জাতিক আইনি আলোচনাকে সমৃদ্ধ করেছে।
মিয়ানমারের দায় ও অপরাধীদের জবাবদিহি
আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দিয়েছেন যে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটন করে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। একই ভোটে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার বিষয়টিও প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘনের সিদ্ধান্ত এসেছে ১১-৪ ভোটে। অন্যদিকে প্রয়োজনীয় জাতীয় আইন প্রণয়নে ব্যর্থতার বিষয়ে আদালত ১৪-১ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন।
আদালত ১৪-১ ভোটে এটিও সিদ্ধান্ত দিয়েছেন যে বেসরকারি ব্যক্তিদের দ্বারা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে উসকানি দিয়েছে—এমন অভিযোগ প্রমাণিত হয়নি। তবে এই সিদ্ধান্ত গণহত্যার মূল অভিযোগে আদালতের ৯-৬ ভোটের রায়কে বাতিল বা দুর্বল করে না। বরং আদালত পৃথক অভিযোগগুলোর স্বতন্ত্র আইনি মূল্যায়ন করেছেন।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত ১৩-২ ভোটে মিয়ানমারকে অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত এবং যথাযথ ক্ষেত্রে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১১-৪ ভোটে আদালত ২০২০ সালের অন্তর্বর্তী আদেশ অনুযায়ী গণহত্যাসংক্রান্ত প্রমাণ ধ্বংস ঠেকানো ও সংরক্ষণে ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন।
এখানে মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় এবং ব্যক্তিবিশেষের ফৌজদারি দায় এক বিষয় নয়। আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করেন; ব্যক্তির অপরাধের বিচার পৃথক ফৌজদারি প্রক্রিয়ায় সম্পন্ন করতে হয়। তাই সামরিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।
ক্ষতিপূরণ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা
রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ। আদালত ১০-৫ ভোটে মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নির্ধারণ করেছেন। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ ও পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারিত হবে। এ জন্য মিয়ানমারকে দুই বছরের মধ্যে গৃহীত পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।
ক্ষতিপূরণ বলতে শুধু আর্থিক অর্থ প্রদান বোঝালে চলবে না। রোহিঙ্গাদের বসতভিটা, জমিজমা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে হবে। যেসব পরিবার স্বজন হারিয়েছে, যাদের সম্পদ দখল বা ধ্বংস হয়েছে, তাদের ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে। শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনও পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ।
নাগরিকত্ব ছাড়া প্রত্যাবাসন নয়
রোহিঙ্গা সংকটের অন্যতম মূল কারণ নাগরিকত্বহীনতা ও দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক বৈষম্য। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছে। তাদের চলাচল, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক জীবনে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে শুধু শরণার্থীশিবির থেকে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই সমস্যার যথাযথ সমাধান নয়।
এখানে একটি আইনি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। আইসিজে সরাসরি সব রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেননি; বরং নাগরিকত্ব লাভসহ মৌলিক অধিকার প্রয়োগে বৈষম্য দূর করার বাধ্যবাধকতার বিষয়টি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং প্রত্যাবাসনের আগে নাগরিকত্বের কার্যকর নিশ্চয়তা, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নিজস্ব বসতভিটায় ফেরার অধিকার এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে এসব শর্ত বাস্তবায়িত হচ্ছে কি না, তা যাচাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যথায় রোহিঙ্গাদের আবারও বৈষম্য ও নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘদিনের মানবিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল ব্যয় বহন করতে হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। অথচ এই সংকটের উৎপত্তি বাংলাদেশের কারণে হয়নি; মিয়ানমারের নিপীড়ন ও বাস্তুচ্যুতির কারণে এর সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে। বাংলাদেশকে এখন জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বিত কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। বিশেষ করে চীন ও ভারতের মতো আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্রের সহযোগিতা ছাড়া মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা কঠিন হবে।
বাংলাদেশের উচিত গাম্বিয়া ও ওআইসির সঙ্গে সমন্বয় করে রায় বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা, ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগে সহযোগিতা করা এবং প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো। পাশাপাশি শরণার্থীদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এই দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা গ্রেপ্তারি বাহিনী নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে। নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকর করার জন্য সুপারিশ বা ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা এবং ভূরাজনৈতিক স্বার্থ এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে।
তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব শুধু রায়কে স্বাগত জানানোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মিয়ানমার যাতে রায় মেনে চলে, সে জন্য ধারাবাহিক কূটনৈতিক ও আইনি চাপ অব্যাহত রাখতে হবে। ওআইসির সদস্যরাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগ, জাতিসংঘের তদন্ত ও মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম এবং আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণহত্যা সনদের সদস্যরাষ্ট্রগুলোরও গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও দায়িত্ব রয়েছে। সুতরাং রায় বাস্তবায়নের প্রশ্নটি শুধু গাম্বিয়া ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত নৈতিক ও আইনি দায়িত্বেরও অংশ।
ন্যায়বিচারের সার্থকতা প্রত্যাবাসনে
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় নিঃসন্দেহে ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। এতে প্রতিষ্ঠিত হয়েছে যে গণহত্যার মতো অপরাধের দায় কোনো রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। কিন্তু বিচারিক স্বীকৃতিই শেষ কথা নয়। অপরাধীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই রায়কে কার্যকর কূটনৈতিক হাতিয়ারে পরিণত করা। রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল আশ্রয় দিয়ে যাওয়াকে স্থায়ী সমাধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। আবার নিরাপত্তা, নাগরিক অধিকার ও মর্যাদার নিশ্চয়তা ছাড়া তাদের ফেরত পাঠানোও মানবিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে।
শেষ পর্যন্ত এই ঐতিহাসিক রায়ের সার্থকতা নির্ধারিত হবে একটি প্রশ্নের উত্তরে—রোহিঙ্গারা কি তাদের মাতৃভূমিতে নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে ফিরে যেতে পারবেন? আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি, গাম্বিয়া এবং বাংলাদেশের সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য হওয়া উচিত সেই প্রত্যাবর্তন নিশ্চিত করা। কারণ রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার মানে শুধু অতীতের অপরাধের বিচার নয়; একটি নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করাও।
লেখক: ইসলামি ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকারকর্মী




