কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে দেওয়া এক ধরনের প্রতারণা ও কারসাজিমূলক লেনদেন যাকে ইসলামি বাণিজ্যনীতিতে ‘বাইউন নাজাশ’ বলা হয়। বিষয়টি এমন যে, প্রকৃত চাহিদা বা ক্রয়-ইচ্ছা না থাকা সত্ত্বেও পণ্যের দাম বাড়ানোর ভান করা হয়, যাতে প্রকৃত ক্রেতা বিভ্রান্ত হয়ে পণ্যটি তার প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে আগ্রহী হন।
এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি পণ্য কেনার প্রকৃত ইচ্ছা না থাকা সত্ত্বেও দর-কষাকষি বা নিলামে পণ্যের দাম বাড়িয়ে দেন। তার উদ্দেশ্য পণ্যটি কেনা নয়; বরং অন্য ক্রেতাকে বেশি দামে পণ্যটি কিনতে প্রলুব্ধ করা।
সহজ কথায়, কোনো ব্যক্তি নিলামে অংশ নিয়ে পণ্যের দাম বাড়াতে থাকেন, অথচ তার পণ্যটি কেনার কোনো ইচ্ছাই নেই। তিনি শুধু প্রকৃত ক্রেতাকে এই ধারণা দিতে চান যে পণ্যটির চাহিদা ও মূল্য অনেক বেশি।
ধরা যাক, একটি গাড়ি নিলামে বিক্রির জন্য তোলা হয়েছে। গাড়িটির সম্ভাব্য মূল্য পঁচিশ লক্ষ টাকা। নিলাম শুরু হলে একজন ব্যক্তি ২৫ লক্ষ টাকা দর প্রস্তাব করলেন। এরপর আরেকজন ব্যক্তি গাড়িটি বিক্রেতার সঙ্গে যোগসাজশ করে ৩০ লক্ষ টাকা দর হাঁকলেন। এরপর প্রথম ব্যক্তি ৩৫ লক্ষ টাকা এবং দ্বিতীয় ব্যক্তি ৪০ লক্ষ টাকা দর প্রস্তাব করলেন। এভাবে প্রকৃত ক্রেতার মনে ধারণা সৃষ্টি হলো, গাড়িটির চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি। ফলে শেষতক তিনি এ কৃত্রিম প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে গাড়িটি কিনতে বাধ্য হলেন।
আসলে এসব দর হাঁকার মধ্যে ছিল সম্পূর্ণ কৃত্রিমতা। আসল ক্রেতাকে বিভ্রান্ত করে বেশি দামে গাড়িটি বিক্রি করাই ছিল এর উদ্দেশ্য।
মহানবী হজরত মুহাম্মদ সা. নাজাশ নিষিদ্ধ করে বলেছেন, তোমরা ‘পরস্পরের মধ্যে নাজাশ করো না।’ (বুখারি ও মুসলিম)
কারণ এর মাধ্যমে পণ্যের দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে ক্রেতাকে প্রতারিত করা হয় এবং তার স্বাধীন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের অধিকার খর্ব করা হয়।
নাজাশ বিভিন্নভাবে হতে পারে
১. কেনার উদ্দেশে নয়; নিছক অন্য ক্রেতাদের বেশি দাম দিতে উৎসাহিত করতে নিলামে অংশ নেওয়া এবং চড়া দাম হাঁকা।
২. বিক্রেতা এক বা একাধিক ব্যক্তির সঙ্গে চুক্তি করা যেন তারা নিলামে অংশ নিয়ে চড়া দাম হাঁকেন। এটি একটি সাজানো নাটক।
৩. বিক্রেতা ক্রেতাকে এমন মিথ্যা তথ্য দেওয়া যে, অনেক ক্রেতাই তো আপনার প্রস্তাবিত দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে আগ্রহী। উদ্দেশ্য ক্রেতাকে বেশি দামে কিনতে প্ররোচিত করা। এসবই ক্রেতাকে বিভ্রান্ত করার অন্তর্ভুক্ত। এ ধরণের কর্মকাণ্ডের মধ্যে প্রতারণা, ধোঁকাবাজি এবং ক্রেতার আর্থিক ক্ষতিসাধনের উপাদান রয়েছে বিধায় ইসলামে তা সুস্পষ্ট নিষিদ্ধ।
এসব প্রক্রিয়ায় কোনো কোনো বিক্রয়চুক্তি সম্পন্ন হলে নিদৃষ্ট পরিস্থিতিতে ক্রেতার উক্ত চুক্তি বাতিল করার অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। বিশেষত, যদি প্রতারণার কারণে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা অস্বাভাবিক মূল্যবৈষম্য (গাবন) সৃষ্টি হয়।
আরও পড়ুন
নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরানোই হোক সরকারের অগ্রাধিকার
সরকারি দায়িত্ব, ব্যক্তিগত উপহার ও জনগণের অধিকার
তবে এ ক্ষেত্রে বিক্রয়চুক্তির বৈধতা, চুক্তি বাতিলের অধিকার প্রতিষ্ঠার শর্ত সম্পর্কে ফকিহদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
বিভিন্ন অনলাইন নিলামেও নাজাশের ঘটনা ঘটতে পারে। যেমন কোনো পণ্য নিলামে বিক্রির সময় ভুয়া একাউন্ট খুলে বিক্রেতার সাথে যোগসাজশ করে অনেকেই কৃত্রিমভাবে পণ্যের উচ্চ মূল্য প্রস্তাব করে থাকেন অথচ প্রকৃতপক্ষে পণ্য কেনার কোনো উদ্দেশ্যই তাদের নেই।
একই ভাবে গাড়ি, জমি, ফ্ল্যাট, বাড়ি কিংবা মূল্যবান সামগ্রী বিক্রির ক্ষেত্রেও এমন প্রতারণা হতে পারে। কিছু ব্যক্তি প্রকৃত ক্রেতা সেজে দর হাঁকেন, কিন্তু তাদের উদ্দেশ্য পণ্য কেনা নয়; বরং প্রকৃত ক্রেতাকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য করা।
প্রকৃত নিলাম ইসলামে বৈধ, যদি নিলামে অংশগ্রহণকারী ব্যক্তি সত্যিকার অর্থে পণ্যটি কেনার ইচ্ছা নিয়ে বাস্তবসম্মত দর প্রস্তাব করেন।
অন্যদিকে নাজাশ হলো, পণ্য কেনার প্রকৃত ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্যদের প্রতারিত করার উদ্দেশ্যে কৃত্রিমভাবে দাম বাড়ানো। ইসলামী বাণিজ্যনীতির মৌলিক ভিত্তি হলো, সততা, স্বচ্ছতা, পারস্পরিক সম্মান ও ন্যায়সংগত লেনদেন। সুতরাং কৃত্রিম দর হাঁকা, ভুয়া ক্রেতা সাজানো কিংবা অন্যের সঙ্গে যোগসাজশ করে পণ্যের দাম বাড়ানোর মাধ্যমে ক্রেতাকে প্রতারিত করা কোনোভাবেই বৈধ নয়।
ইসলামি অর্থনীতি ও ফিকহুল মু’আমালাতের আলোকে নাজাশ শুধু একটি অনিয়ম নয়; এটি বাজারের স্বাভাবিক মূল্যব্যবস্থা, ক্রেতার আস্থা এবং ন্যায়সংগত প্রতিযোগিতার পরিপন্থী।
লেখক: ইসলামি ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক এবং মানবাধিকার কর্মী




