বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি দায়িত্ব, ব্যক্তিগত উপহার ও জনগণের অধিকার

মো. মুখলেছুর রহমান
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

সরকারি দায়িত্ব, ব্যক্তিগত উপহার ও জনগণের অধিকার
মো. মুখলেছুর রহমান

রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের অর্থ, সম্পদ ও স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে সরকারি উন্নয়ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। কারণ এসব প্রকল্পের অর্থ কোনো মন্ত্রী, আমলা কিংবা ঠিকাদারের ব্যক্তিগত সম্পদ নয়; এর প্রতিটি টাকার মালিক জনগণ।

বিস্মিত হই, যখন রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি দুর্নীতির সর্বসম্মত ধারণাকে পাল্টে দিয়ে এমন নতুন সংজ্ঞা আবিষ্কার করেন, যা দুর্নীতির আরেকটি নতুন দরজা খোলার আশঙ্কা তৈরি করে। সাধারণ মানুষের মনে এ প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় যে, ঘুষ গ্রহণের বৈধতা দিতে নতুন কৌশল আবিষ্কারের চেষ্টা চলছে? 

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক বক্তব্যে বলেন, ‘ঠিকাদার সন্তুষ্ট হয়ে নিজের মুনাফা থেকে স্বেচ্ছায় প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ বলা যাবে না।’ তার এ বক্তব্যটি কেবল একটি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক নৈতিকতা এবং দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

উপহার আর ঘুষের পার্থক্য কে নির্ধারণ করবেন?

প্রতিমন্ত্রীর তার বক্তব্যে বক্তব্যের পক্ষে যে যুক্তি দাঁড় করিয়েছেন তা হলো- কাজের মান ঠিক রেখে, কোনো অনৈতিক সুবিধা না দিয়ে, ঠিকাদার নিজের লাভ থেকে কাউকে উপহার দিলে সেটি ব্যক্তিগত সৌজন্য। কিন্তু সরকারি দায়িত্ব পালনকারী একজন প্রকৌশলীর ক্ষেত্রে প্রশ্নটি এত সরল নয়।

একজন প্রকৌশলী যখন সরকারি প্রকল্পের কাজ পরিদর্শন করেন, ঠিকাদারের বিল যাচাই করেন কিংবা কাজের গুণগত মানের প্রত্যয়ন দেন, তখন তিনি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সিদ্ধান্তের ওপর ঠিকাদারের আর্থিক স্বার্থ নির্ভর করে। অতএব, সেই ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত উপহার গ্রহণ করলে স্বাভাবিক ভাবেই স্বার্থের সংঘাত ( Conflict of Interest) তৈরি হয়।

ঠিকাদার উপহার দিচ্ছেন নিজের মুনাফা থেকে- এই যুক্তিও যথেষ্ট নয়। কারণ ঠিকাদারের মুনাফা আসে সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে। আর সেই বরাদ্দের অর্থ আসে জনগণের কর, রাষ্ট্রীয় সম্পদ ও ঋণের মাধ্যমে। ফলে জনগণের অর্থে পরিচালিত প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঠিকাদারের ব্যক্তিগত উপহার দেওয়ার বিষয়টি নিছক সামাজিক সৌজন্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ ধারায় সরকারি কর্মচারীর সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণের বিষয়টি অপরাধ হিসেবে বিবেচিত। উপহার নাম দিলেই কোনো আর্থিক সুবিধার প্রকৃতি স্বয়ংক্রিয়ভাবে বদলে যায় না।

ঠিকাদারের খুশির চেয়ে জনগণের খুশি অধিক গুরুত্বপূর্ণ

প্রতিমন্ত্রী নিজেও বলেছেন, কাজের মান খারাপ করে অর্থ সাশ্রয় করে ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে টাকা ভাগাভাগি করা যাবে না। এই সতর্কবাণী অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো- কাজের মান ঠিক আছে কি না, সেটি নির্ধারণ করবেন কে? প্রকৌশলী, ঠিকাদার, মন্ত্রণালয়, নাকি জনগণ?

বাংলাদেশে সড়ক নির্মাণের কয়েক মাসের মধ্যে কার্পেটিং উঠে যাওয়া, কালভার্ট ও সেতুর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা, নতুন ভবনে ফাটল দেখা দেওয়া কিংবা অল্প কয়েক বছরের মধ্যে সরকারি স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার অভিযোগ বিস্তর।

প্রতিমন্ত্রীও তার বক্তব্যে এলজিইডির কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সমালোচনার কথা উল্লেখ করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সমস্যার অস্তিত্ব সরকার নিজেও উপলব্ধি করছে। তাহলে এই পরিস্থিতিতে প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে ব্যক্তিগত উপহার বিনিময়ের ধারণাকে উৎসাহিত করার মতো বক্তব্য দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে- তা বিশেষভাবে বিবেচনার দাবি রাখে।

একজন ঠিকাদার কাজ শেষ করে প্রকৌশলীর কাছ থেকে দ্রুত বিল পেলে খুশি হতে পারেন। কিন্তু বিল পরিশোধ কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়; এটি চুক্তি অনুযায়ী তার প্রাপ্য অর্থ। একইভাবে প্রকৌশলী কাজের মান যাচাই করে যথাযথ প্রত্যয়ন দিলে সেটিও তার চাকরিগত দায়িত্ব। দায়িত্ব পালনের জন্য তাকে ঠিকাদারের পক্ষ থেকে উপহার দেওয়ার যৌক্তিকতা বোধগম্য নয়। 

উপহার দেওয়ার সংস্কৃতি চালু হলে যেসব ঠিকাদার উপহার দিতে পারবেন, তারা তুলনামূলক সুবিধা বেশি পেতে পারেন। অপরদিকে, যারা উপহার দেবেন না, তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ব্যক্তিগত সন্তুষ্টি ও উপহারের ওপর দাঁড়াতে পারে না।

বুর্জোয়া রাজনীতি, প্রলেতারিয়েত জনগণ এবং ক্ষমতার চিরচেনা সংস্কৃতি

আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি অদ্ভুত ধারাবাহিকতা রয়েছে। সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, রাজনৈতিক স্লোগান পরিবর্তন হয়, নির্বাচনী প্রতিশ্রুতি পরিবর্তন হয়; কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের খুব বেশি একটা পরিবর্তন হয় না।

একদল জনগণের সেবা করার সুযোগ দেওয়ার অঙ্গীকার করে তাদের ভোটে ক্ষমতার মসনদে বসেন। কিছুদিন পর তাদের অনেকের জীবনযাত্রা, সম্পদ ও ক্ষমতার দাপট দেখে সাধারণ মানুষ বিস্মিত হয়ে যান। তারপর আরেক দল আসে। তারাও দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেয়। কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণের পর অধিকাংশ ক্ষেত্রেই পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যায়।

বুর্জোয়া শ্রেণির বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়া সহজ। কিন্তু বাস্তবে ক্ষমতাসীনদের একটি অংশ যখন জনগণের স্বার্থের চেয়ে নিজেদের সুবিধাকে বড় করে দেখতে শুরু করে, তখন সে বক্তব্য বাস্তবে রূপ না নিয়ে ইথারে ভেসে যায়।

অন্যদিকে, প্রলেতারিয়েত বা শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিদিন বাজারের মূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষার খরচ এবং কর্মসংস্থানের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেন। তাদের জন্য সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেতু ভেঙে গেলে, একটি সড়ক নষ্ট হলে কিংবা সরকারি স্থাপনা নিম্নমানের হলে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই।

জনগণ কি তাহলে মন্ত্রীকেও উপহার দিতে পারবেন?

ঠিকাদার যদি খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিতে পারেন, তাহলে দেশের সাধারণ মানুষ কি খুশি হয়ে মন্ত্রীকেও কয়েক কোটি টাকা উপহার দিতে পারবেন? এ প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ- জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য কি জনপ্রতিনিধিদেরও কোনো উপহার প্রয়োজন, নাকি জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের দায়িত্ব?

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কি স্পষ্ট?

দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে হলে রাষ্ট্রের নীতিনির্ধারকদের নিজেদের বক্তব্য ও আচরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাদের জন্য এমন কোনো বার্তা দেওয়া উচিত নয়, যার ফলে ব্যক্তিগত উপহার গ্রহণের নামে ঘুষ গ্রহণের বিষয়টি এক ধরনের বৈধতা লাভ করে।

সরকারি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে প্রকৌশলী ও কর্মকর্তাদের ব্যক্তিগত উপহার গ্রহণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। প্রতিটি প্রকল্পের ব্যয়, কাজের অগ্রগতি, বিল পরিশোধ এবং গুণগত মান যাচাইয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। নিম্নমানের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের সুযোগ দিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- সরকারি দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা।

রাষ্ট্র কার, ক্ষমতা কার জন্য?

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সরকারি প্রকৌশলী ঠিকাদারের উপহারের অপেক্ষায় থাকবেন না; ঠিকাদারও কোনো কর্মকর্তাকে সন্তুষ্ট করার জন্য ব্যক্তিগত উপহার দেওয়ার প্রয়োজন অনুভব করবেন না। যেখানে কাজের মান নির্ধারিত হবে চুক্তি ও প্রকৌশলগত মানদণ্ড অনুযায়ী, বিল পরিশোধ হবে নিয়ম অনুযায়ী এবং সরকারি অর্থের প্রতিটি পয়সার যথাযথ হিসাব থাকবে।

আমরা এমন সরকার চাই, যারা জনগণকে ভয় দেখিয়ে নয়, জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্র পরিচালনা করবে। এমন জনপ্রতিনিধি চাই, যাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তারা বিরক্ত না হয়ে স্বচ্ছতার সঙ্গে জবাব দেবেন।

এ দেশের সাধারণ মানুষ বিলাসিতা চায় না। তারা চায় ন্যায্য অধিকার, নিরাপদ জীবন, সুলভ চিকিৎসা, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসন।

মন্ত্রী মহোদয়, ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটি ঘুষ কি না, তার সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত ব্যাখ্যার ওপর ছেড়ে দেওয়া যায় না। রাষ্ট্রের আইন, নৈতিকতা ও স্বচ্ছতার মানদণ্ডই সেটি নির্ধারণ করবে।

মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, মন্ত্রিত্বও নয়। কিন্তু জনগণের অর্থের অপচয়, দুর্নীতি এবং অবিচারের ক্ষত বহু প্রজন্ম পর্যন্ত বহন করতে হয়। বাংলাদেশ কোনো মন্ত্রী, আমলা কিংবা ঠিকাদারের ব্যক্তিগত সম্পত্তি নয়। বাংলাদেশ তার কোটি কোটি সাধারণ নাগরিকের।

লেখক: ইসলামি ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক এবং মানবাধিকারকর্মী

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর