মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরানোই হোক সরকারের অগ্রাধিকার

মো. মুখলেছুর রহমান
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরানোই হোক সরকারের অগ্রাধিকার
মো. মুখলেছুর রহমান। ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই কঠিন করে তুলছে। বাজারে পণ্যের সরবরাহ থাকলেও তা সাধারণ নাগরিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে খাদ্যতালিকা কাটছাঁট করতে হচ্ছে, পুষ্টিকর খাবার কেনা কমিয়ে দিতে হচ্ছে, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতের ব্যয় মেটাতে পরিবারগুলোকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে এলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। অন্যদিকে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম। পরিসংখ্যানের এই ব্যবধান সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর কী ধরণের চাপ সৃষ্টি করেছে-তা সহজেই অনুমেয়।

মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও বাজারে পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসেনি।আগে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, সেটির দাম বেড়ে ১২০ টাকা হলে পরবর্তী সময়ে মূল্যস্ফীতি কমলেও দাম ১০০ টাকায় ফিরে আসেনি। ফলে পরিসংখ্যানে স্বস্তির ইঙ্গিত থাকলেও বাস্তব বাজারে মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।

বাজার ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতা

বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিনের একটি সমস্যা হলো উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানোর মধ্যবর্তী পর্যায়ে একাধিক স্তরের মধ্যস্বত্বভোগী। কৃষক অনেক সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অথচ ভোক্তাকে সেই পণ্য কিনতে হয় অনেক বেশি দামে। পরিবহন, সংরক্ষণ, আড়তদারি, পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যয়ের পাশাপাশি কোথাও কোথাও অস্বাভাবিক মুনাফা, চাঁদাবাজি ও কারসাজি এই ব্যবধান বাড়িয়ে দেয়।

কোনো পণ্যের উৎপাদন বা আমদানি ব্যয় বাড়লে তার প্রভাব বাজারে পড়া স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে কিংবা দেশে সরবরাহ বাড়লে সেই সুবিধা ভোক্তার কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লাগার কারণ কী, তা খতিয়ে দেখা জরুরি। বাজারের প্রভাবশালী গোষ্ঠী, সিন্ডিকেট, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শুধু সভা, নির্দেশনা কিংবা অভিযান দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় আমার ব্যক্তিগত অভিমত।

তবে সব মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করাও সমীচীন নয়। উৎপাদন ব্যয়, জ্বালানি, পরিবহন, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ঋণের সুদ এবং সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। প্রকৃত কারণ শনাক্ত না করে নির্বিচারে শুধু ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়ে তাদেরকে হয়রানি করলে উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। প্রয়োজন তথ্যভিত্তিক ও ন্যায়সংগত বাজার তদারকি।

সরকারের করণীয়

প্রথমত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুত, পাইকারি ও খুচরা পর্যায়ের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণ করতে হবে। কোন পণ্য কোথায় কত উৎপাদিত হচ্ছে, কী পরিমাণ আমদানি হচ্ছে, কতটুকু মজুত রয়েছে এবং ভোক্তা পর্যায়ে কত দামে বিক্রি হচ্ছে—এসব তথ্য নিয়মিত প্রকাশ করা উচিত। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা শনাক্ত করা সহজ হবে।

আরও পড়ুন

রাজউকের প্লট বরাদ্দে সবার সমান অধিকার নিশ্চিত হোক

দ্বিতীয়ত, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক গোষ্ঠী যেন পণ্যের সরবরাহ ও মূল্য নির্ধারণে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। শুধু খুচরা বিক্রেতাকে জরিমানা করে এর সমাধান সম্ভব হবে বলে মনে করিনা। সরবরাহশৃঙ্খলের প্রতিটি পর্যায়ে অনিয়মের উৎস শনাক্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তৃতীয়ত, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য এবং ভোক্তার সাশ্রয়ী মূল্য—দুটিই নিশ্চিত করতে হবে। কৃষিপণ্যের সংরক্ষণাগার, হিমাগার, আধুনিক পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা সম্প্রসারণ জরুরি। কৃষক যাতে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য না হন এবং ভোক্তাকেও যাতে অস্বাভাবিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে না হয়, সে জন্য কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি বিপণনের সুযোগ সৃষ্টি করতে হবে।

নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। ছবি: সংগৃহীত
নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। ছবি: সংগৃহীত

চতুর্থত, প্রয়োজনীয় পণ্যের আমদানি নীতিতে বাস্তববাদী হতে হবে। দেশে উৎপাদন কম হলে কিংবা কোনো পণ্যের ঘাটতির আশঙ্কা দেখা দিলে যথাসময়ে আমদানির ব্যবস্থা করতে হবে। শুল্ক ও কর যৌক্তিকভাবে সমন্বয় করতে হবে, যাতে আমদানিকারকের সুবিধা শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছায়। তবে আমদানিনির্ভরতা বাড়িয়ে দেশীয় কৃষি ও উৎপাদনব্যবস্থাকে দুর্বল করা কোনোভাবেই সমীচীন হবে না।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা ও জ্বালানি সংকটে ঝুঁকিতে বিনিয়োগ

পঞ্চমত, সরকারি বিপণনব্যবস্থা আরও কার্যকর করতে হবে। টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্যবান্ধব কর্মসূচি এবং খোলাবাজারে বিক্রির (ওএমএস) কার্যক্রম প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ করা উচিত। বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য এসব সুবিধা সহজলভ্য করতে হবে। প্রকৃত উপকারভোগী নির্বাচন, ডিজিটাল তালিকা, স্বচ্ছ বিতরণ এবং নিয়মিত নিরীক্ষা নিশ্চিত করতে হবে, যাতে সরকারি সুবিধা দলীয় প্রভাব কিংবা অনিয়মের শিকার না হয়।

ষষ্ঠত, মজুরি ও আয়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য প্রতিষ্ঠা করতে হবে। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হলে মানুষের প্রকৃত আয় কমে যায়। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা এবং দরিদ্র পরিবারের জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা বাড়ানো প্রয়োজন। শুধু বাজারদর নিয়ন্ত্রণ করলেই হবে না; মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতেও উদ্যোগ গ্রহণ করতে হবে।

জবাবদিহি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি

বাজার তদারকির নামে সাময়িক অভিযান পরিচালনা করে পরে নিষ্ক্রিয় হয়ে পড়লে চলবেনা। নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। অভিযানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গৃহীত পদক্ষেপের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা উচিত। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের কার্যক্রমেরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি গবেষণা, উন্নত বীজ, সেচব্যবস্থা, জ্বালানি সরবরাহ, খাদ্য সংরক্ষণ এবং দক্ষ পরিবহনব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। আমদানি ও রপ্তানির সিদ্ধান্তও নিতে হবে দেশের প্রকৃত চাহিদা ও উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে। কোনো পণ্যের সংকট দেখা দেওয়ার পর তৎপর হওয়ার পরিবর্তে আগাম পূর্বাভাসের ভিত্তিতে আগে ভাগেই প্রস্তুতি নিতে হবে।

সাধারণ মানুষের জীবনযাত্রার মান রাষ্ট্রের অর্থনৈতিক নীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।বড় প্রকল্প, প্রবৃদ্ধি কিংবা বিনিয়োগের সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সাধারণ নাগরিকের জীবনেও প্রতিফলিত হবে। একজন শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা সীমিত আয়ের পরিবারের সদস্য যেন মাসের আয় দিয়ে অন্তত মৌলিক চাহিদা পূরণ করতে পারেন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্বের অংশ।

ইসলামের অর্থনৈতিক দর্শনে ন্যায্যতা, পরিমিত মুনাফা, প্রতারণা ও মজুতদারির বিরোধিতা এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসায় লাভ করা বৈধ; কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি, প্রতারণা কিংবা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অস্বাভাবিক মুনাফা অর্জন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সর্বোপরি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা কোনো সাময়িক রাজনৈতিক প্রতিশ্রুতি হওয়া উচিত নয়; এটি হতে হবে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক নীতি। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ, সুষ্ঠু প্রতিযোগিতা, অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, উৎপাদকের ন্যায্য মূল্য এবং ভোক্তার ক্রয়ক্ষমতা—এই পাঁচটি বিষয়কে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের পাতে খাবার থাকবে কি না, সন্তানকে পুষ্টিকর খাদ্য দিতে পারবেন কি না, মাসের শেষে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে পারবেন কি না—এসব প্রশ্নের বাস্তবসম্মত সমাধানই হবে জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রকৃত পরিচয়।

লেখক: অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক এবং মানবাধিকার কর্মী

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর