সরকারি নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজন অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন। বাকি ২৩ জনের কাছে পাওয়া গেছে ইলেকট্রনিক ডিভাইস।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চারটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষার মাধ্যমে ৯টি সরকারি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ২০০ নম্বরের এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছিলেন ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থী। এ নিয়োগের জব আইডি ২৬১০১।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটজনকে আটক করে বহিষ্কার করা হয়েছে। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন প্রক্সি পরীক্ষার্থীসহ সাতজনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন ইলেকট্রনিক ডিভাইসসহ ধরা পড়েন।
পরীক্ষার জন্য চারটি কেন্দ্রে মোট ৮ হাজার ৯৫৭ জনের আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭০০ জন, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৯৫৭ জনের আসন নির্ধারিত ছিল।
জানা গেছে, এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রথম ধাপে প্রায় দেড় লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
এমআর/এফএ




