সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে চিনি কিনতে ব্যয় হবে ১০৫ কোটি টাকা এবং রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনছে সরকার
ক্রয় প্রস্তাব অনুযায়ী, প্রতি কেজি চিনি কিনতে ব্যয় হবে ১০৪ টাকা ৯৫ পয়সা। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ৫০ কেজির বস্তায় এসব চিনি সরবরাহ করবে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এ দর নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড। ৫০ কেজির বস্তায় টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এসব ডাল সরবরাহ করা হবে।
এএইচ




