রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটকসংলগ্ন মূল সড়কে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা।
মুগদা থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
/এসআই




