দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সাত জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯ প্লাটুন সদস্য ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। বাকি চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও শ্রমিকদের কর্মস্থলে ফেরানো, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় পরিস্থিতি পর্যালোচনা করে সাত জেলায় সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে নতুন করে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য পাঠানোর প্রস্তুতি চলছে। সব মিলিয়ে মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। এরই মধ্যে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন যুক্ত করায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান রয়েছে। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোডে দায়িত্ব পালন করছেন তারা। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট এলাকাগুলোতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি এসব স্থানে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, গাজীপুরের শিল্পাঞ্চলে বিশেষ নজরদারি চালাচ্ছেন আনসার সদস্যরা। তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় টহল এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের আশঙ্কা থাকায় সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।
নারায়ণগঞ্জেও শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি স্থানে শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
এমআইকে/এসআই




