শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ আ.লীগের সহিংস হামলার ফাঁদে পা দেয়নি প্রশাসন

মোস্তফা ইমরুল কায়েস
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

নিষিদ্ধ আ.লীগের সহিংস হামলার ফাঁদে পা দেয়নি প্রশাসন
প্রতীকী ছবির কোলাজ: এআই
  • নাশকতা ও চলাচলে প্রতিবন্ধতা হলেই ব্যবস্থা নেবে পুলিশ
  • পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব নিয়ে কাজ করছে
  • ১২ দিনে ৭৪টি পরিবহনে আগুন; বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ
  • গোপালগঞ্জ সার্কিট হাউজে আইজিপির রুদ্ধদ্বার বৈঠক
  • পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতা, থানা পোড়ানো, অস্ত্র লুট, পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের পরিস্থিতি। তবে এত কিছুর পরও এখন পর্যন্ত বড় ধরনের বলপ্রয়োগে যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও কৌশলগত প্রস্তুতির মধ্য দিয়ে এগোচ্ছে পুলিশ। প্রশাসনের এই অবস্থান নিয়ে যেমন উঠেছে প্রশ্ন; তেমনি পুলিশের দাবি, উস্কানিতে পা না দিয়ে তারা ধৈর্য্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন।

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় হামলার মধ্য দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে। সবশেষ এই উত্তেজনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ।

জেলার টুঙ্গিপাড়ায় ঘোষণা দিয়ে থানায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এমনকি মামলার বাদী এক পুলিশ সদস্যকেও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার পরও পুলিশের বড় ধরনের পাল্টা অভিযান না থাকায় নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ জানতে চাইছেন প্রশাসন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিচ্ছে নাকি রাজনৈতিক উস্কানির ফাঁদে পা না দেওয়ার কৌশল হিসেবে অপেক্ষা করছে?

তবে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, তারা কোনোভাবেই নিষ্ক্রিয় নন। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন। সংশ্লিষ্টদের পরিচয়, নেতৃত্ব ও অর্থায়নের উৎস সম্পর্কেও তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা বলেন, সহিংসতার সময় পুলিশ বল প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। পুলিশের সামনে থানা পোড়ানো ও লুটপাটের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করা হয়নি। কারণ এতে দাঙ্গা ছড়িয়ে পড়ার পাশাপাশি পুলিশ সদস্যদের প্রাণহানির ঝুঁকিও বাড়তে পারত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পরিস্থিতি বিবেচনায় যেন গুলি চালানো না হয়। তবে এর অর্থ এই নয় যে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। সময়মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুক্রবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের পর সেখানকার পুলিশি কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষতিগ্রস্ত থানা দুটির স্বাভাবিক কার্যক্রম এখনো ব্যাহত হচ্ছে। পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার পর নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পুনর্বিন্যাসের বিষয়টি সামনে এসেছে। ইতোমধ্যে জেলাটি থেকে এসপি ও ডিসিকে বদলি করা হয়েছে। তিন থানার ওসিকে অন্যত্র বদলি করা হয়েছে। ফলে নতুন এসপি ছাড়া তিন ওসির কেউ এখনো থানাগুলোতে যোগদান করতে পারেননি। গোপালগঞ্জের মকসুদপুর থানায় কোনো কারণ ছাড়াই পুলিশ ও জনসাধারণের গাড়ি পোড়ানো হয়েছে। পুড়ে গেছে থানার প্রয়োজনীয় কাগজসহ যাবতীয় নথিপত্র।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জরুরি ও রুদ্ধদ্বার বৈঠক করেন বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ সময় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, থানা জনগণের জন্য। জনগণই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?

আইজিপি আরও বলেন, একটি থানায় হয়তো ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন, অথচ ওই এলাকায় মানুষের সংখ্যা ১০ লাখ। এসব মানুষের মানসিক ও সার্বিক সমর্থন ছাড়া পুলিশের পক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করা কঠিন।

এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও ফরিদপুরে পুলিশ ফোর্স দ্বিগুণ করার পাশাপাশি ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়। প্রস্তুত রাখার কথা রয়েছে আরও পাঁচ প্লাটুন বিজিবি।

তবে বৈঠকের গোপন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ কেউ কোন জেলায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে তা নিয়ে পোস্ট দেওয়ার পর প্রশ্ন উঠেছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য ফাঁস করল কারা? এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে কি না, সেসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সদর দফতরের দেওয়া পরিসংখ্যান পরিস্থিতিও ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশের হিসাব অনুযায়ী, এ সময়ে তিনটি পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ১৮টি পুলিশের গাড়িতে আগুন এবং দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি কামরুম মুনিরা ঢাকা মেইলকে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা, সহিংসতা কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর