রাজধানীর যানজট নিরসনে বাসের ৯৮টি রুট কমিয়ে ৩২টি সমন্বিত রুটে আনার উদ্যোগের অংশ হিসেবে সাতটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়েছে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় শুরু হয়েছে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা।
একই রুটে একাধিক পরিবহনের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ, নির্দিষ্ট স্টপেজে যাত্রী ওঠানামা এবং সেবার মান উন্নত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে এ উদ্যোগ। তবে নতুন ব্যবস্থায় বাসের নাম ও ব্যানার পরিবর্তন হলেও যাত্রীসেবায় এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। সরেজমিনে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিজ্ঞতাই পাওয়া গেছে।
নতুন ব্যবস্থায় পুরোনো পরিবহনগুলো নতুন নামে পরিচালিত হচ্ছে। রজনীগন্ধা পরিবহন এখন থ্রি স্টার সিটি পরিবহন নামে চলছে। একইভাবে মিডলাইন পরিবহন পরিচালিত হচ্ছে মিডলাইন সিটি পরিবহন নামে। রমজান পরিবহনও নতুন করে রমজান সিটি পরিবহন নামে পরিচিতি পেয়েছে। তবে বাসের নাম ও পরিচিতি পরিবর্তন হলেও যাত্রীদের অভিজ্ঞতায় সেবার মানে তেমন কোনো পার্থক্য তৈরি হয়নি।
রজনীগন্ধা পরিবহনের নতুন নাম থ্রি স্টার সিটি পরিবহন। এ পরিবহনের বাস কন্ট্রাক্টর আলমগীর বলেন, নতুন ব্যানার হওয়ায় অনেক যাত্রী বাস চিনতে পারছেন না। আগের তুলনায় বাসে যাত্রী ওঠাও কমেছে।
তিনি আরও বলেন, ব্যানারের নামই শুধু পরিবর্তন হয়েছে। সেবার মানে কোনো পরিবর্তন হয়নি।
তার ভাষ্য, আগে যাত্রীরা রজনীগন্ধা নামেই বাস চিনতেন। এখন নতুন নামের সঙ্গে পরিচিত হতে সময় লাগছে। ফলে নিয়মিত যাত্রীদের মধ্যেও বাস শনাক্ত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে।
মিডলাইন পরিবহনও নতুন ব্যবস্থায় মিডলাইন সিটি পরিবহন নামে পরিচালিত হচ্ছে। আগে এ পরিবহনের রুট ছিল মোহাম্মদপুর থেকে শঙ্কর, ধানমন্ডি ১৫, জিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির, মুগদা, বাসাবো হয়ে খিলগাঁও পর্যন্ত।
নতুন ব্যবস্থায় পরিবহনটির রুট পরিবর্তন করে যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ, গোলাপবাগ, মানিকনগর, মুগদা, বাসাবো, বৌদ্ধমন্দির, খিলগাঁও, মালিবাগ রেলগেট, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর হয়ে ঘাটারচর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রুট পরিবর্তনের ফলে পুরোনো যাত্রীদের পাশাপাশি পরিবহনকর্মীরাও কিছুটা সমস্যায় পড়ছেন। আগে যে পথে বাস চলাচল করত, নতুন রুটে সেটি পরিবর্তিত হওয়ায় নিয়মিত যাত্রীদের নতুন গন্তব্য ও চলাচলের পথ সম্পর্কে ধারণা দিতে হচ্ছে। নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতেও সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, রমজান পরিবহন এখন রমজান সিটি পরিবহন নামে পরিচালিত হচ্ছে। তবে এ পরিবহনের ক্ষেত্রেও নাম পরিবর্তনের বাইরে সেবার মানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাসের নাম ও রুট পরিবর্তনের প্রভাব নিয়ে যাত্রীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, নতুন ব্যবস্থায় বাসের পরিচিতি পরিবর্তন হলেও যাতায়াতের অভিজ্ঞতায় এখনো তেমন পার্থক্য নেই। আগের মতোই বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, বাসের ভেতরের পরিবেশেও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ছে না।
যাত্রী আব্দুর রউফ বলেন, আগে যেভাবে বাসে যাতায়াত করতাম, এখনো প্রায় একই অভিজ্ঞতা হচ্ছে। বাসের নাম ও ব্যানার পরিবর্তন হয়েছে, কিন্তু যাত্রীসেবায় তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। আশা করেছিলাম নতুন ব্যবস্থায় বাসের পরিবেশ ও যাতায়াত আরও ভালো হবে।
আরেক যাত্রী রায়হান বলেন, নতুন ব্যবস্থায় বাস চলাচল শুরু হয়েছে, তবে যাত্রী হিসেবে এখনো আলাদা কোনো সুবিধা পাচ্ছি না। আগের মতোই বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ভেতরের পরিবেশেও তেমন পরিবর্তন নেই। উদ্যোগটি ভালো, কিন্তু এর সুফল সাধারণ যাত্রীদের কাছে পৌঁছাতে হলে বাস্তবায়ন ও তদারকি আরও জোরদার করতে হবে।
তবে নতুন উদ্যোগ নিয়ে আশাবাদী যাত্রীও রয়েছেন। যাত্রী কবির বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অন্তত একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ইতিবাচক। তবে এখনই পরিবর্তন আশা করা কঠিন। নতুন ব্যবস্থাটি পুরোপুরি চালু হলে বাসের চলাচলের নিয়ম ও যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছি।
রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে ৯৮টি রুটের বাস পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১ নভেম্বর ছয়টি সাধারণ ও একটি চক্রাকার রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু করেছে।
নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য একই সড়কে বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ করা, নির্ধারিত স্টপেজে বাস থামানো এবং যাত্রীদের জন্য নিয়মতান্ত্রিক পরিবহনব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি বাসের নির্দিষ্ট রং, রুট নম্বর ও পরিচিতি নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
তবে শুধু কোম্পানি গঠন কিংবা বাসের নাম ও রং পরিবর্তন করলেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর জন্য মানসম্মত বাস, কার্যকর টিকিটব্যবস্থা, নির্ধারিত স্টপেজ, সময়সূচি এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।
সব মিলিয়ে নতুন ব্যবস্থায় বাসের নাম ও রুট পরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও যাত্রীদের প্রত্যাশিত সেবার পরিবর্তন এখনো অধরা। উদ্যোগটি কতটা সফল হবে, তা নির্ভর করছে পরিকল্পনার বাস্তবায়ন এবং সাধারণ যাত্রীরা এর সুফল কতটা পাচ্ছেন তার ওপর।
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ও বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, বাস রুট একীভূত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস মালিকদের অনাগ্রহ। ঢাকা শহরে প্রায় ৯৮টি বাস রুট রয়েছে। এর মধ্যে আমরা ৯১টি রুটের মালিক সমিতি পেয়েছি। অন্তত ৫০ থেকে ৬০টি রুট একসঙ্গে না আনতে পারলে বড় ধরনের পরিবর্তন আসবে না। বর্তমানে সীমিত কয়েকটি রুটে পরিবর্তন এসেছে। যেমন আজিমপুর থেকে মাত্র তিনটি বাস কোম্পানিকে একীভূত করে একটি কোম্পানি করা হয়েছে। অথচ সেখানে এখনো ১২-১৩টি বাস কোম্পানি রয়েছে। বাকি কোম্পানিগুলোকে একীভূত করার বিষয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ১৯টি রুট একীভূত করার বিষয়সমূহ পর্যালোচনা করেছি। আশা করছি, ডিসেম্বরের শেষ নাগাদ বেশ কয়েকটি রুট একীভূত হলে পরিবর্তনটা কিছুটা বোঝা যাবে।
স্টপেজে বাস না থামার বিষয়ে ধ্রুব আলম বলেন, আমরা স্টপেজে না থামার জন্য জরিমানা করছি। কিন্তু একটি বাসকে স্টপেজে থামতে বাধ্য করা হলেও একই রুটের অন্য বাসগুলো সেখানে থামছে না। ফলে একটি বাসকে একা নিয়ম মানতে বাধ্য করে খুব বেশি লাভ হচ্ছে না। পরবর্তী ধাপে আরও বেশি বাস কোম্পানিকে একীভূত করার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, কোনো ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা ছাড়া শুধু নাম পরিবর্তন করে একটি পরিবহনব্যবস্থা চালু করলে এমন পরিস্থিতিই তো তৈরি হওয়ার কথা। তাড়াহুড়ো করে রাজনৈতিকভাবে বাহবা পাওয়ার জন্য একটি উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে তার ফল এমনই হয়। অতীতেও বাস রুট রেশনালাইজেশনের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, এবারও একই চিত্র দেখা যাচ্ছে। বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ নেই, কার্যকর টিকিট ব্যবস্থা নেই, বাসের মান উন্নয়নের উদ্যোগ নেই, যত্রতত্র যাত্রী ওঠানামাও বন্ধ হয়নি। তাহলে শুধু নাম পরিবর্তন করে সরকার কীভাবে বাসসেবায় পরিবর্তন আনার প্রত্যাশা করছে?
তিনি আরও বলেন, এভাবে বারবার উদ্যোগ নেওয়া এবং বাস্তবে তার সুফল না পাওয়ার কারণে মানুষের মধ্যে সরকারের প্রতি একধরনের অনাস্থা তৈরি হচ্ছে। মানুষ যখন কোনো উদ্যোগের ওপর আস্থা রাখে, কিন্তু পরে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পায় না, তখন রাষ্ট্রের এমন উদ্যোগগুলোর প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হচ্ছে, বাসসেবা নিয়ে ঢাকাবাসীর সঙ্গে বারবার তামাশা করা হচ্ছে।
এই নগর পরিকল্পনাবিদ বলেন, সরকারের উচিত ছিল, তাড়াহুড়ো না করে সময় নিয়ে একটি সুশৃঙ্খল ও কার্যকর বাসব্যবস্থা গড়ে তোলা। বিশ্বের বিভিন্ন শহরে যেভাবে বাস রুট ব্যবস্থাপনা করা হয়, সেভাবে উন্নতমানের বাস, নির্দিষ্ট রুট এবং সুনির্দিষ্ট স্টপেজের মাধ্যমে যাত্রী ওঠানামা নিশ্চিত করে উদ্যোগটি বাস্তবায়ন করা দরকার ছিল। কিন্তু সেটি না করে শুধু নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় মানুষ আরেক দফা হতাশ হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের মতো একটি মহানগরের জন্য গণপরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি বাস। অথচ এই বাসব্যবস্থা নিয়ে সরকারের কোনো বড় ও সমন্বিত পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে না। বিচ্ছিন্ন ও অপরিকল্পিত উদ্যোগের খেসারত বারবার ঢাকাবাসীকে দিতে হচ্ছে। এতে সরকারের রাজনৈতিকভাবে লাভবান হওয়ার পরিবর্তে উল্টো মানুষের বিরক্তি ও হতাশা বেড়েছে। একই সঙ্গে নাগরিকদের সঙ্গে সরকারের প্রতিশ্রুতির জায়গাটিও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এম/এফএ




