শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায়ের পর বাংলাদেশের করণীয় কী?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায়ের পর বাংলাদেশের করণীয় কী?
১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই রায়ের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কতটা এগোবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রায়টি প্রত্যাবাসনের ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখবে, সেই প্রশ্নও উঠছে।

প্রায় ১০ বছর ধরে ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ। বিভিন্ন দেশি-বিদেশি ফোরামে তাদের নিজ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে আইসিজের এই রায় দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে পারবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা রায়টিকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে সংকটটি শুধু রোহিঙ্গা কিংবা বাংলাদেশের বিষয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বে পরিণত হয়েছে।

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে রায় বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে খুব একটা আশাবাদী নন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে। তাঁদের মতে, এই রায় রোহিঙ্গাদের ওপর চালানো অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নৈতিক ও আইনগত সমর্থন তৈরি করলেও প্রত্যাবাসন নিশ্চিত করবে না।

রায়ের গুরুত্ব কতটা?

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির তৈরি হয়েছে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার ওপরও এই রায়ের প্রভাব পড়তে পারে।

তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রায়ের ফলে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে বাস্তবে কী পরিবর্তন আসবে।

আইসিজের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। জাতিসংঘ সনদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য দেশটি। কোনো পক্ষ আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে।

তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, রায়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে একটি আইনগত ভিত্তি তৈরি হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ পুরোপুরি সুগম হয়নি। প্রত্যাবাসন নির্ভর করছে আরও অনেক বিষয়ের ওপর।

বাংলাদেশ অবশ্য মনে করছে, রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পেলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সহজ হবে।

শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিজে যে রায় দিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমারের। দেশটিকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমরা আশা করব, এত কিছুর পরও মিয়ানমার তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে। তা না করলে এর পরিণতি রয়েছে।

খলিলুর রহমান আরও বলেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পর রোহিঙ্গা সংকট আর শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের সমস্যা নয়। এটি এখন পুরো বিশ্বের সমস্যা, যার সমাধান করতে হবে।

তাঁর ভাষ্য, এর আগে বিষয়টি নিয়ে এমন আইনগত ভিত্তি ছিল না। আইসিজের রায়ের মধ্য দিয়ে সেটি তৈরি হয়েছে। প্রথমবারের মতো একটি দেশকে গণহত্যার দায়ে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রত্যাবাসনে জটিলতা কোথায়?

আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আইসিজের রায় বাস্তবায়নে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে কাজ করার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ চায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যাক। এ জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীদারদের সঙ্গে বিভিন্নভাবে কাজ করা হবে।

হুমায়ুন কবির জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে গাম্বিয়ার অবস্থান শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।

তিনি বলেন, বিষয়টি একদিনেই হয়ে যাবে না। তবে এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা জোরালোভাবে শুরু করা হবে।

অন্যদিকে, সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মনে করেন, আইসিজের রায় মূলত রোহিঙ্গা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের প্রধান চাওয়া, অর্থাৎ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এর কার্যকর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

মিয়ানমারে বাংলাদেশের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা এমদাদুল ইসলামের মতে, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব গণহত্যার বিষয়টি জানতে পেরেছে। মিয়ানমারের জেনারেলরাও বুঝতে পারবেন, আন্তর্জাতিকভাবে এই অপরাধের স্বীকৃতি রয়েছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন সীমিত।

তিনি বলেন, গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায়ের প্রধান বিষয় হলো রোহিঙ্গাদের ওপর গণহত্যার স্বীকৃতি, অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ। কিন্তু প্রত্যাবাসনের বিষয়ে কী হবে, তা স্পষ্ট নয়।

আদালতের রায়ে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ঘরে ফেরার সুযোগ করে দিতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি আদালত মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে।

তবে রায় বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। কারণ, রায় দেওয়ার বাইরে সেটি কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের সরাসরি তেমন কিছু করার নেই।

এমদাদুল ইসলামের আশঙ্কা, বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গেলে চীন ও রাশিয়া ভেটো দিতে পারে। তাঁর মতে, গণহত্যার অভিযোগের বিষয়টি এই দুই দেশ গ্রহণ নাও করতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রও মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিষয়টি গ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, একই ধরনের বিষয় গাজা ও আফগানিস্তানের প্রসঙ্গেও সামনে আসতে পারে।

এই বিশ্লেষকের মতে, রোহিঙ্গাদের গণহত্যার স্বীকৃতি কিংবা ক্ষতিপূরণের চেয়ে বাংলাদেশের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তাদের প্রত্যাবাসন। কিন্তু সেটি অনেক বেশি জটিল। এ ক্ষেত্রে বহুপক্ষীয় আলোচনার পাশাপাশি চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ।

আইসিজের রায়ের পর বাংলাদেশের উচিত চীনের সঙ্গে আবারও আলোচনা করা বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, মিয়ানমারের পেছনে চীনের জোরালো সমর্থন রয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও দেশটির সামরিক চুক্তি হয়েছে। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মাধ্যমে এসব দেশকে সমঝোতার জায়গায় না আনতে পারলে মিয়ানমারের সামরিক নেতৃত্ব প্রত্যাবাসনের বিষয়ে আগ্রহী হবে না।

কূটনীতিই ভরসা

২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর থেকে সংকটটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সামনে তিনটি কূটনৈতিক পথ রয়েছে। এগুলো হলো জাতিসংঘে প্রস্তাব উত্থাপন, নিরাপত্তা পরিষদে চাপ সৃষ্টি এবং চীনসহ মিয়ানমারের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, আইসিজের রায়ের পর বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আরও স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, রায় দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে। এতে সংশ্লিষ্ট সব পক্ষকে আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানানো হবে। গাম্বিয়াসহ মামলাটিতে সমর্থন দেওয়া ১১টি দেশও এতে যুক্ত হতে পারে।

হুমায়ুন কবিরের মতে, এ ধরনের প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারের ওপর রায় বাস্তবায়নে নৈতিক চাপ তৈরি করা সম্ভব।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। পরে কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ আরও ১০টি দেশ গাম্বিয়াকে সমর্থন জানায়।

হুমায়ুন কবির বলেন, রায় দ্রুত কার্যকর করতে এসব দেশের সঙ্গে বাংলাদেশ যৌথ উদ্যোগ নিতে পারে। পাশাপাশি মিয়ানমারকে প্রভাবিত করতে সক্ষম অন্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন এই সাবেক রাষ্ট্রদূত।

তাঁর মতে, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে মিয়ানমার আন্তর্জাতিক আইন ও আদালতের প্রক্রিয়ার সঙ্গে থাকার একটি বার্তা দিয়েছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পক্ষের মাধ্যমে দেশটিকে বোঝানোর সুযোগ রয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন হুমায়ুন কবির। তাঁর মতে, আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গাদের মতামত ও অবস্থানকে গুরুত্ব দিয়ে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে। সূত্র- বিবিসি বাংলা

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর