রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নামে চার বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর নিজেই ফোন করে স্বজনদের জানান শিশুটির মা বলে জানা গেছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার সকালে রামপুরা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে বাসায় একা পেয়ে শিশুটিকে গলাটিপে হত্যা করেন তার মা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি দোকানের কর্মচারী। আর মা মেহেরুন্নেছা গৃহিণী। ঘটনার পর মেহেরুন্নেছা নিজেই ফোন করে স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। পরে শিশুটির বাবা কর্মস্থল থেকে বাড়িওয়ালাকে ফোন করে বিষয়টি জানান।
ওসি আরও জানান, বাড়িওয়ালা ওই বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এমএমআর/এসআই




