নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইউসুফ আহমেদ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ আহমেদ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজুল ইসলাম ছেলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন। পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের পিকআপ চালক ছিলেন।
নিহতের শ্বশুর আব্দুল সাত্তার জানান, তার মেয়ের স্বামী একটি বেসরকারি কোম্পানির পিকআপ চালাতেন। গতরাতে কাজ শেষে গাড়ি নিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এসআই




