ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন
গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ
তবে রাজু কীভাবে নিহত হয়েছেন, তা নিয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ককটেল বিস্ফোরণে তার নিহত হওয়ার কথা জানিয়েছেন। আবার উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের দাবি, হামলাকারীরা রাজুকে মারধরের পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গুলি অথবা ককটেলের আঘাতে মৃত্যুর কথা জানানো হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজুকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কোমরের নিচের অংশের বেশির ভাগ পুড়ে গিয়েছিল।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজুকে একা পেয়ে হামলা চালিয়ে হত্যা করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
জেবি




