- দেশে সারের মোট চাহিদা ৫৮ লাখ ৫ হাজার টন
- চাহিদার প্রায় ৭৯ শতাংশই আমদানিনির্ভর
- দাম বাড়লে আবাদে সংকটে পড়তে পারেন কৃষক
- সার সরবরাহ ও বাজার তদারকিতে ৬৪ কর্মকর্তা
- কৃষি বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে সার ভর্তুকিতে
- ভর্তুকি ব্যবস্থায় সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
সারের দাম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর নারায়ণপুর এলাকার কৃষক রবিউল ইসলামের। সার কেনার ক্ষেত্রে সরকার কত টাকা ভর্তুকি দেয়, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই। তবে সারের দাম বাড়লে কিংবা কমলে কৃষিকাজে কী প্রভাব পড়ে, তা ভালোই বোঝেন তিনি। রবিউল ইসলামের আশঙ্কা, সারের দাম না কমলে আবাদ করা কঠিন হয়ে পড়বে। আর দাম বেশি হলে একপর্যায়ে আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবতে হতে পারে।
রবিউল ইসলামের মতো দেশের অসংখ্য কৃষকের কাছে সারের দাম কৃষিকাজ চালিয়ে যাওয়ার অন্যতম বড় বিষয়। উৎপাদন খরচ বাড়লে কৃষকের লাভ কমে যায়। আবার সারের দাম বেশি হলে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কৃষকের উৎপাদন খরচ কমাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সার খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। তবে এই বিপুল অর্থের সুবিধা শেষ পর্যন্ত প্রকৃত কৃষকের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গত ১১ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, চলতি অর্থবছরে সার খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে মোট রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে দেশীয় কারখানাগুলো থেকে ১২ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। বাকি ৪৬ লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানির মাধ্যমে সংগ্রহ করতে হবে। অর্থাৎ মোট চাহিদার প্রায় ৭৯ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল।
সারের ধরনভেদেও আমদানিনির্ভরতার চিত্র আলাদা। ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে দেশে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ লাখ মেট্রিক টন। ফলে বাকি ১৬ লাখ ২০ হাজার মেট্রিক টন আমদানি করতে হবে। টিএসপি সারের চাহিদা ৭৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৬৫ হাজার মেট্রিক টন আমদানি করতে হবে। ডিএপি সারের চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এর বিপরীতে আমদানির লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। আর দেশে এমওপি সার উৎপাদন না হওয়ায় ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টনের পুরো চাহিদাই আমদানির মাধ্যমে পূরণ করতে হবে।
কৃষকের উদ্বেগ দামের ওঠানামা নিয়ে
কথা হয় রাজশাহী তানোর উপজেলার বাধাইড় এলাকার কৃষক বারিউল ইসলামের সঙ্গে। তিনি ঢাকা মেইলকে বলেন, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সারের দাম কৃষকদের জন্য বড় চিন্তার কারণ। সারের দাম কতটা বাড়বে বা কমবে তার প্রভাব সরাসরি পড়বে চাষাবাদের খরচে। এক বিঘা জমিতে নির্দিষ্ট ফসল আবাদ করতে জমির ধরন ও ফসলের পর্যায় অনুযায়ী বিভিন্ন ধরনের সার ব্যবহার করতে হয়। এতে একবারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়। বীজ, জমি তৈরি, সেচ, শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচের সঙ্গে সারের ব্যয় যুক্ত হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। অথচ উৎপাদিত ফসলের দাম সব সময় সেই অনুপাতে বাড়ে না। ফলে ফসল বিক্রির পর খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ এলাকার আরেক কৃষক আফজাল হোসেন ঢাকা মেইলকে জানান, সারের সংকট বা নির্ধারিত দামে সার না পাওয়ার আশঙ্কা নিয়ে অনেক সময় চাষাবাদ করতে হয়। বিশেষ করে জমিতে সার প্রয়োগের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে প্রয়োজনের সময় সার না পেলে বেশি দামেও কিনতে বাধ্য হন কৃষক। কখনো ডিলারের কাছে গিয়ে চাহিদামতো সার পাওয়া যায় না, আবার কখনো এক ধরনের সার পাওয়া গেলেও অন্য ধরনের সার সংগ্রহ করতে সমস্যা হয়। সরকার যদি সারে ভর্তুকি দেয়, তাহলে তো দাম কমার কথা। তবে দাম কমবে বলে মনে হয় না। কৃষকের কাছে আসার আগেই সব টাকা শেষ হয়ে যায়।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার কৃষক মাইনুল হাসান ১০ বছর ধরে ধানসহ বিভিন্ন কৃষিজাত ফসল আবাদ করেন। তিনি ঢাকা মেইলকে বলেন, সারের দাম বাড়লে সব ফসলের আবাদে একই ধরনের প্রভাব পড়ে না। যেসব ফসলে একাধিকবার সার প্রয়োগ করতে হয়, সেসব ফসলের উৎপাদন খরচ তুলনামূলক বেশি বেড়ে যায়। খরচ সামাল দিতে অনেক কৃষক প্রয়োজনের তুলনায় কম সার ব্যবহার করেন। এতে ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে। আবার বেশি খরচ করে আবাদ করেও বাজারে ন্যায্য দাম না পেলে লোকসানের মুখে পড়তে হয়। এভাবে উৎপাদন খরচ বাড়তে থাকলে কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ
সার ব্যবস্থাপনায় ভর্তুকির সুফল কৃষকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থার স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। কিন্তু নতুন ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে সরব হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সম্পূরক প্রশ্নে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তুলে ধরে অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভগ্নিপতি, ভাগনে ও অন্যান্য আত্মীয়-স্বজনকে সুযোগ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের মধ্যে ১০ জন নেতাদের পরিবারের সদস্য বলে তিনি সংসদে জানান।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, দেশব্যাপী ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমে অর্থের বিনিময়ে আধা সরকারি পত্র বা ডিও দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার প্রশ্ন ছিল, ডিলার নিয়োগে অনিয়ম হয়ে থাকলে সেগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার প্রবণতা বন্ধে সরকার কী ব্যবস্থা নেবে।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। আবেদন আহ্বান করে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডিলার নিয়োগের ঘোষণা কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে দেওয়া হয়নি। তবে বিরোধী দলের সদস্যদের হট্টগোলের কারণে এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা এগোয়নি।
এ সময় সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান। অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিও জানান তিনি।
নজরদারির দায়িত্বে ৬৪ কর্মকর্তা
সরকারের নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে সার মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সার পরিস্থিতি পর্যবেক্ষণে দুই যুগ্মসচিব ও দুই উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটিও কাজ করছে। সরবরাহে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানিয়েছেন মন্ত্রী।
সার বিতরণে ডিলারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গত ১৫ সেপ্টেম্বর সরকার ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যায়ে প্রতি কেজিতে কমিশন ৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানায়। তবে কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন কমিশন কাঠামো ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
ডিজিটাল কৃষক কার্ডে সরাসরি সার বিতরণের পরিকল্পনা
সার ব্যবস্থাপনায় ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে সার ও প্রত্যয়িত বীজ পৌঁছে দেওয়ার বিষয়টিও সংসদে আলোচনায় এসেছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার ও মানসম্মত বীজ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ব্যবস্থা কার্যকর হলে প্রকৃত কৃষক শনাক্ত করা, বরাদ্দের তথ্য সংরক্ষণ এবং একই কৃষকের নামে একাধিকবার সুবিধা নেওয়ার সুযোগ কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে কৃষকদের নিবন্ধন, জমির পরিমাণ অনুযায়ী সারের চাহিদা নির্ধারণ এবং বিতরণব্যবস্থার সঙ্গে ডিজিটাল তথ্যভান্ডারের সমন্বয় কতটা কার্যকর হচ্ছে, তা পর্যবেক্ষণ জরুরি।
বিশ্বব্যাংকের বার্তা
এদিকে ভর্তুকির সুবিধা কারা বেশি পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, শুধু খামারের আকার দিয়ে দারিদ্র্য বা কৃষকের আর্থিক অবস্থা নির্ধারণ করা যায় না। প্রায় তিন-চতুর্থাংশ প্রান্তিক ধানচাষিকে উৎপাদিত ধানের চেয়ে বেশি ধান বা চাল নিজেদের খাদ্য চাহিদা মেটাতে রাখতে হয়। ফলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যের বাড়তি দামও তাদের ওপর চাপ তৈরি করে। এ কারণে কৃষিতে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আবাদি জমি ও উপকরণের চাহিদার পাশাপাশি কৃষক পরিবারের সার্বিক কল্যাণ বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ৬৬ লাখ টন সার ব্যবহার হয়। এর ৮৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। গ্যাস সংকট, কারখানার কার্যকারিতা এবং পরিচালনগত নানা বাধায় দেশীয় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে আমদানির ওপর নির্ভরতা বাড়ার পাশাপাশি সরকারের ভর্তুকির ব্যয়ও বাড়ছে। বৈশ্বিক সরবরাহে বিঘ্ন, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা এবং টাকার অবমূল্যায়ন এই ব্যয়কে আরও ঝুঁকির মুখে ফেলছে।
বিশ্বব্যাংক বলেছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২০২৬ সালে মধ্যপ্রাচ্য সংকটের পর এসব ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে। এতে সরকারের বাজেট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সংস্থাটির হিসাবে, ২০১৮-১৯ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৬৩ শতাংশ ভর্তুকিতে ব্যয় হতো। ২০২২-২৩ অর্থবছর থেকে তা বেড়ে প্রায় ৮০ শতাংশে দাঁড়িয়েছে।
কৃষি খাতে ভর্তুকির বিপরীতে গবেষণায় বরাদ্দের স্বল্পতাও তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির তথ্য অনুযায়ী, সামগ্রিক খাদ্য ও কৃষি খাতের মোট ব্যয়ের ৪১ দশমিক ৫ শতাংশ ভর্তুকিতে ব্যয় হয়েছে। বিপরীতে কৃষি গবেষণায় বরাদ্দ ছিল মাত্র ৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ গবেষণায় প্রতি এক টাকা ব্যয়ের বিপরীতে ভর্তুকিতে ব্যয় হয়েছে প্রায় ১০ টাকা। বিশ্বব্যাংকের মতে, ভর্তুকির একটি অংশ কৃষি গবেষণা, সম্প্রসারণ কার্যক্রম, মাটির স্বাস্থ্য এবং সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা গেলে দীর্ঘ মেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব।
সার বিতরণ ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, কাগজে-কলমে পরিচালিত এবং দুর্বল তদারকিনির্ভর বিতরণ ব্যবস্থার কারণে মাঠপর্যায়ে সার সরবরাহের ঘাটতি ও দাম বাড়ার প্রকৃত চিত্র সরকারের কাছে যথাসময়ে পৌঁছায় না। ডিলারদের কার্যক্রমে তদারকির ঘাটতি কালোবাজারি ও অতিরিক্ত দাম আদায়ের সুযোগ তৈরি করে। ফলে কৃষকদের সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। সরবরাহে বিলম্ব এবং বাড়তি খরচের কারণে উৎপাদনও কঠিন হয়ে পড়ে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ কৃষক সুষম মাত্রায় সার ব্যবহার করেন। অর্থাৎ ভর্তুকির অর্থের একটি অংশ এমন সার ব্যবহারে ব্যয় হচ্ছে, যা প্রত্যাশিতভাবে ফলন বাড়াতে ভূমিকা রাখে না। বড় কৃষকদের তুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি সম্প্রসারণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও কম। ফলে সারের সঠিক ব্যবহার ও কৃষি উপকরণ ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকেন।
এ পরিস্থিতিতে হঠাৎ করে সারের দাম বাড়ানোর পরিবর্তে কৃষকদের আগাম জানিয়ে ধাপে ধাপে দাম সমন্বয়ের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সতর্কতা, অর্থসংকটে থাকা ক্ষুদ্র কৃষকরা হঠাৎ দাম বাড়লে সারের ব্যবহার কমিয়ে দিতে পারেন। এতে ফলন কমার পাশাপাশি খাদ্যমূল্যের ওপরও চাপ তৈরি হতে পারে। আসন্ন মৌসুমে সার সরবরাহ, আপৎকালীন মজুত এবং সময়মতো বিতরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
ভর্তুকি ব্যবস্থার সংস্কারে কৃষক কার্ড ও ডিজিটাল কৃষক নিবন্ধনকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে শুধু সার সরবরাহে ভর্তুকি দেওয়ার পরিবর্তে প্রকৃত কৃষকের চাহিদা অনুযায়ী সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। বর্গাচাষিসহ প্রকৃত চাষিদের নিবন্ধনের আওতায় এনে তাদের জমি, ফসল ও মাটির তথ্য সংরক্ষণ করা গেলে জমির পরিমাণ ও উপকরণের চাহিদা অনুযায়ী সহায়তা নির্ধারণ করা সম্ভব হবে।
কী বলছেন বিশেষজ্ঞরা
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মনসুর আহমেদ বলেন, ‘সার ভর্তুকির নকশা ও বিতরণ পদ্ধতি আধুনিকায়ন বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং প্রয়োজন রয়েছে এমন কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, ‘যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, সার ও অন্যান্য কৃষি উপকরণের ওপর দেওয়া ভর্তুকি কীভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে কার্যকরভাবে পৌঁছানো যায়। কৃষি ভর্তুকি তুলে নেওয়া সহজ নয়, কারণ এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন নিশ্চিত হয়। কৃষকদের জন্য সারের দাম কম রাখলেই শুধু হবে না, যখন তাদের প্রয়োজন তখন যেন তাদের হাতে সার পৌঁছায় তাও নিশ্চিত করতে হবে।’
কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডি ঢাকা মেইলকে বলেন, ‘সারের ভর্তুকির বড় একটি অংশ সচ্ছল ও বড় কৃষকদের কাছে চলে যায়। সরকার সব কৃষকের জন্য একই দামে সার বিক্রির ব্যবস্থা করেছে। ফলে বড় কৃষক ও ক্ষুদ্র কৃষক একই দামে সার কিনছেন। বড় কৃষকের পক্ষে এই দাম বহন করা সহজ হলেও দরিদ্র ও প্রান্তিক কৃষকের জন্য তা কঠিন। এতে যাদের ভর্তুকি সবচেয়ে বেশি প্রয়োজন, তারা তুলনামূলক কম সুবিধা পাচ্ছেন। আবার যাদের দরকার কম তারা বেশি সুবিধা পাচ্ছেন।’
এই কৃষি অর্থনীতিবিদ বলেন, ‘কৃষকদের আর্থিক অবস্থা ও জমির পরিমাণ বিবেচনায় নিয়ে ভর্তুকি বণ্টন করা প্রয়োজন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দরিদ্র, ক্ষুদ্র, প্রান্তিক ও সচ্ছল কৃষকদের আলাদাভাবে শনাক্ত করে সহায়তা দেওয়া গেলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করে লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।’
১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বরাদ্দ যথেষ্ট কি না, তা আন্তর্জাতিক বাজারে সারের দাম, জ্বালানি ও ডিজেলের মূল্য এবং উৎপাদন ব্যয়ের ওপর নির্ভর করবে বলে মনে করেন এই কৃষি অর্থনীতিবিদ।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সারের দাম ও উৎপাদন ব্যয় বাড়লে কৃষি উৎপাদন সচল রাখতে ভর্তুকি বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় বাড়তি ভর্তুকির বড় অংশ আবারও সচ্ছল ও বড় কৃষকদের কাছে চলে যাবে।
এএইচ/জেবি




