শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডায়াবেটিস নিয়ে অবহেলা নয়, প্রতিরোধে এখনই পদক্ষেপ জরুরি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

ডায়াবেটিস নিয়ে অবহেলা নয়, প্রতিরোধে এখনই পদক্ষেপ জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে।

তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন

ডায়াবেটিস চিকিৎসায় বছরে ব্যয় ১২ হাজার কোটি টাকা, আক্রান্ত দেড় কোটি

তারেক রহমান বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। ছবি: সংগৃহীত
১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

বাণীতে তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

আরও পড়ুন

ডায়াবেটিসে বিশ্বে অষ্টম বাংলাদেশ, বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটির কর্মসূচির সফলতা কামনা করেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর