শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডায়াবেটিস চিকিৎসায় বছরে ব্যয় ১২ হাজার কোটি টাকা, আক্রান্ত দেড় কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ডায়াবেটিস চিকিৎসায় বছরে ব্যয় ১২ হাজার কোটি টাকা, আক্রান্ত দেড় কোটি

দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ শতাংশের বেশি মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। বিপুলসংখ্যক মানুষের এই রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বছরে ব্যয় হচ্ছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এর মধ্যেই অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

এ পরিস্থিতিতে খাদ্যপণ্যের প্যাকেটে ক্ষতিকর উপাদান সম্পর্কে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর আহ্বান জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ বা 'ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ'।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। একই সময়ে দেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

প্রজ্ঞা জানিয়েছে, দেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বাড়ছে। 

বিশেষজ্ঞদের মতে, এসব খাবার ও পানীয় গ্রহণের ফলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ভোক্তারা খাবারে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। একই সঙ্গে প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির মতে, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু করা হলে ভোক্তারা সহজেই অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত পণ্য শনাক্ত করতে পারবেন। এতে খাবার কেনার সময় স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

প্রজ্ঞা জানায়, গবেষণায় দেখা গেছে, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেল বাংলাদেশের ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি।

এ অবস্থায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। খসড়া প্রবিধানমালায় কোনো ধরনের শিথিলতা বা অব্যাহতি না দিয়ে খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, "ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্য প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।"

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর