শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডায়াবেটিসে বিশ্বে অষ্টম বাংলাদেশ, বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ডায়াবেটিসে বিশ্বে অষ্টম বাংলাদেশ, বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি না হলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে, উঠে আসতে পারে সপ্তম অবস্থানে। দেশে আক্রান্তদের বড় একটি অংশ এখনো জানেন না যে, তারা ডায়াবেটিসে ভুগছেন। এমন পরিস্থিতিতে রোগ প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত পরীক্ষা, জীবনযাত্রায় পরিবর্তন এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা সম্প্রসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। একই সঙ্গে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি (নির্বাচিত) শাহজাদা সেলিম, ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান এবং বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা।

এ সময় অধ্যাপক ডা. এম সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিইএস সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের ওজন বেশি, পারিবারিক ইতিহাস রয়েছে, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন। রক্তে গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (ওজিটিটি) ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর