শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু চিকিৎসায় ডিএনসিসির মোবাইল ফিভার ক্লিনিক চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু চিকিৎসায় ডিএনসিসির মোবাইল ফিভার ক্লিনিক চালু
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনার সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের মৌলিক অধিকার ও নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

শফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।

নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই মোবাইল ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। এই উদ্যোগ নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। নগরবাসীর সহযোগিতা ও সমর্থন না থাকলে এ কাজ করা সম্ভব হতো না।

প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে সিটি কর্পোরেশন ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর