রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নগর উন্নয়নে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নয়, নগরবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলের মগবাজার আউটার এলাকায় নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীর খাল খনন, আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে ডিএনসিসির প্রতিটি জোনে কাজ চলছে। এরই অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিনের অবহেলিত একটি পার্কে বাগান নির্মাণ করা হয়েছে।

নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ফুটস্টেপস দীর্ঘদিন ধরে নগরের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত উদ্যোগ নিচ্ছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, কয়েক মাস আগেও গুলশান লেকের পানি ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। ফুটস্টেপস নিজ উদ্যোগে এবং সিটি করপোরেশনের সহযোগিতায় লেকের পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেছে। পাশাপাশি লেকসংলগ্ন দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে এলাকাটিকে নান্দনিক করে তুলেছে।

তিনি আরও বলেন, বসিলার ৪০ ফুট এলাকার খালটিও পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। যে কাজ সম্মিলিতভাবে সবার করার কথা ছিল, সেই উদ্যোগ নিয়েছে যুবসমাজ ও ফুটস্টেপস। তারা দীর্ঘদিন অবহেলিত খালটি উদ্ধার ও পরিষ্কারে ভূমিকা রেখেছে।

শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ঢাকা গড়ার পাশাপাশি সারাদেশের সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি বাস্তবায়নে ফুটস্টেপসসহ ডিএনসিসি একযোগে কাজ করছে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উচ্ছেদ করা স্থানগুলোতে যেন আবার অবৈধভাবে দোকান বসানো না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন কাজ করছে। মিরপুরে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে নগরের যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে, সেসব স্থানে উচ্ছেদ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

নগরবাসীর উদ্দেশে ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের করের টাকায় নির্মিত ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটার অধিকার তাদের রয়েছে। নগরবাসীকে এ সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর