রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাইমা রহমানের অর্ধশত এআই ভিডিও প্রকাশ করে ভয়াবহ প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

জাইমা রহমানের অর্ধশত এআই ভিডিও প্রকাশ করে ভয়াবহ প্রতারণা

ভিডিওটি শুরু হয় একটি মিষ্টি হাসি দিয়ে। পর্দায় প্রধানমন্ত্রীর কন্যা ও জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের লিগ্যাল অফিসার জাইমা রহমান। উচ্ছ্বসিত ভঙ্গিতে দর্শকদের উদ্দেশে তিনি বললেন: ‘সবাই কেমন আছেন? ভালো থাকলে একটা লাইক, ফলো, কমেন্ট করবেন। সাথে ৫০০০ টাকা করে পুরস্কার নিয়ে যাবেন।’

ভিডিওর নিচে কমেন্ট সেকশনে সারি সারি মন্তব্য। জাইমা রহমানকে শুভ কামনা জানানোর পাশাপাশি অনেকেই পোস্টটির কমেন্ট বক্সে নিজের বিকাশ ও নগদ নম্বরও দিয়েছেন।

কিন্তু ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি বাস্তবের জাইমা রহমান নন। এটি এআই দিয়ে বানানো। যে পেজে ভিডিওটি প্রচার হচ্ছে, সেটিও তার নয়। 

গত ২২ জুলাই ‘Zaima Rahman’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত এই ভিডিওটি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের নজরে আসার পর পেজটি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে নামে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। 

অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানের নামে পরিচালিত হলেও পেজটির সঙ্গে তার প্রকৃত কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বরং পেজটির বিভিন্ন কার্যক্রম ও কনটেন্ট বিশ্লেষণ করে উঠে আসে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। 

গত ১৮ জুন খোলা এই পেজটি বাংলাদেশ থেকে ৪ জন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে। চালুর পর থেকেই পেজটি থেকে এমন ৫০ টি এআই নির্মিত ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওগুলো সম্মিলিতভাবে এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় সাড়ে ১৫ লক্ষবার দেখা হয়েছে। টাকার পাশাপাশি একটি ভিডিওতে গাড়ি উপহারেরও ঘোষণা দিতে দেখা গেছে।

আবার কিছু ভিডিওতে লটারির মাধ্যমে বিরাট অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ভিডিওতে উপহার দেওয়ার জন্য ইনবক্স ও কমেন্টে বিকাশ/নগদ নম্বর দিতেও আহবান জানানো হয়েছে। উপহার পাওয়ার আশায় অসংখ্য মানুষ কমেন্ট নিজেদের বিকাশ, নগদ ও রকেট নম্বর দিয়েছেন।

পেজটির ইন্ট্রোতে জরুরি আর্থিক সহায়তার জন্য বিকাশ নম্বর দিতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৯৯৪৬২৫৯০২) দেওয়া আছে। পাশাপাশি পেজটি থেকে প্রচারিত একাধিক পোস্টে আরও দুইটি হোয়াটসঅ্যাপ নম্বরের (০১৪০৬৬৬৪৩৭৯, ০১৯৪০৬৬৬৪৩৭৯) সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধানের প্রয়োজনে বারংবার চেষ্টা করেও নম্বর তিনটিতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুধু একটি পেজ নয়, বিষয়টি নিয়ে অনুসন্ধানে জাইমা রহমানের নামে পরিচালিত ১০৬টি ভুয়া ফেসবুক পেজের সন্ধান পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। এর মধ্যে ১২টি পেজে এআই নির্মিত ভিডিওর মাধ্যমে উপহারের প্রলোভন দেখিয়ে পেজের ফলোয়ার বৃদ্ধির প্রমাণ মিলেছে। 

ভুয়া পেজের পাশাপাশি তার নামে পরিচালিত ৮৮ টি ভুয়া অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। এছাড়া ফেসবুকে ২০৩টি পাবলিক গ্রুপের অস্তিত্ব মিলেছে যেগুলো কোনো ডিসক্লেইমার ছাড়া তার নাম ব্যবহার করে পরিচালনা করা হচ্ছে। এই গ্রুপগুলোর মধ্যে ১৮টি কর্তৃক দাবি করা হয়েছে সেগুলো জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ।রাজনৈতিক খবর পড়ুন

শুধু ফেসবুকেই নয়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জাইমা রহমানের অসংখ্য ভুয়া অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে টিকটকে ৬৭ টি, এক্সে ১০টি, ইন্সটাগ্রামে ৪ টি অ্যাকাউন্ট এবং ইউটিউবে ৬ টি চ্যানেল রয়েছে।

অর্থাৎ সব প্লাটফর্ম মিলিয়ে এই ভুয়া অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ ও চ্যানেলের সংখ্যা ৪৮৪।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, একটি ভেরিফায়েড ফেসবুক পেজ এবং একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যতীত সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানের আর কোনো অ্যাকাউন্ট নেই।

এআই ভিডিওগুলোর মূল কৌশল হলো উপহারের ঘোষণা। দর্শকের মনে প্রত্যাশা তৈরি হয় যে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ তাদের কিছু দেবেন। এই প্রত্যাশা থেকেই অনেকে কমেন্টে বিকাশ, নগদ ও রকেট নম্বর দিয়ে দিচ্ছেন।

সমস্যা হলো, উপহারের কথা বলা পেজগুলোর ঘোষণার কোনো অফিশিয়াল ভিত্তি নেই। আর কমেন্টে প্রকাশ্যে নম্বর দেওয়ার ফলে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাঝুঁকিতে পড়ছেন।

প্রতারকেরা সেই নম্বরে ফোন করে ভেরিফিকেশন, চার্জ বা ওটিপি চাইতে পারে। এটি এ ধরনের মোবাইল-ফাইন্যান্সিয়াল প্রতারণার পরিচিত ধরন। কমেন্টগুলো বিশ্লেষণ করে এমন প্রতারণার শিকার দাবি করা একাধিক ব্যক্তিকেও খুঁজে পাওয়া গেছে।

উপহার পাওয়ার আশায় একাধিক ভিডিওতে নম্বর দিয়েও টাকা না পাওয়ায় অনেক ব্যবহারকারীকে আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

শুধু সাধারণ মানুষ নয়, এআই নির্মিত এসব ভুয়া ভিডিওতে বিভ্রান্ত হচ্ছেন খোদ বিএনপি নেতাকর্মী-সমর্থকরাও।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান জানিয়েছেন, ‘এ ধরনের ১০০টিরও বেশি ভুয়া গ্রুপ ও পেজ রয়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর