রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে সন্দেহজনক তল্লাশীর সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)।
পুলিশ জানায়, মশিউল আজম অরিন পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসিন্দা। অন্যদিকে শান্ত ইসলাম পল্লবীর ১২ নম্বর সেকশনের ধ ব্লকের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, পল্লবী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. অহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল গলফ-৭৩০ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশী চালায় তারা। এ সময় মশিউল আজম অরিনের কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর তাদের উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পল্লবী থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এএইচ



