রাজধানীর শ্যামলীতে এক সাংবাদিক দম্পতি ছিনতাইয়ের শিকার হয়েছেন।
তারা হলেন- দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী সাংবাদিকের স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায়।
ব্যাগে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল।
ব্যাগ টান দেওয়ার সময় তার স্ত্রীর হাতের একটি আঙুলে আঘাত লাগে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ।
তিনি বলেন, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে অটোরিকশায় করে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।
এমআইকে/এএম




