শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

উইপোকায় সঞ্চয় হারানো কৃষককে ২ লাখ টাকা দিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

উইপোকায় সঞ্চয় হারানো কৃষককে ২ লাখ টাকা দিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
দুই লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেন। ছবি: সংগৃীত

আলমারিতে জমিয়ে রাখা দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছিল। সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দুর্দশার খবর ছড়িয়ে পড়লে পাশে দাঁড়ান যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। তাঁদের পাঠানো দুই লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন গাইবান্ধার এই প্রান্তিক কৃষক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে তোফাজ্জল হোসেনের হাতে এ অর্থসহায়তা তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানবিকতার কোনো সীমারেখা নেই। ধর্ম, বর্ণ ও গোত্রের ভেদাভেদ পেরিয়ে মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই মানবিকতার মূল শক্তি। এ আয়োজন কেবল একজন প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সহমর্মিতা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, একজন ক্ষুদ্র কৃষকের সারা জীবনের সঞ্চয় উইপোকা ও ইঁদুরে নষ্ট করে ফেলেছে—এ খবর জানার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। হারানো অর্থের সমপরিমাণ টাকা পাঠিয়ে তাঁরা দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন, কৃষক তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মৎ মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা।

সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা কেবল অর্থ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তা। একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের পরিশ্রমে জমানো অর্থ এভাবে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, এ মানবিক উদ্যোগের সঙ্গে দেশে-বিদেশে যাঁরা যুক্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মানুষের বিপদে অন্য মানুষের এগিয়ে আসা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। মানবিকতার এমন বার্তা ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। তবে সমাজে এমন নানা ধরনের উইপোকা রয়েছে, যারা মানুষের স্বপ্ন ধ্বংস করতে চায়। তাদের দমন করতে হবে।

তোফাজ্জল হোসেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে। দরিদ্র এ কৃষকের কোনো ছেলে নেই। স্ত্রী ফাতেমা বেগম ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার। অনেক কষ্ট করে মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি।

একসময় জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালাতেন তোফাজ্জল। বয়সের ভারে আর রিকশা চালাতে না পেরে গ্রামে ফিরে যান তিনি। কয়েক বছর আগে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। সেই জমিতে চাষাবাদ করেই স্ত্রীকে নিয়ে কোনোমতে সংসার চালাতেন তিনি।

দীর্ঘদিনের কষ্টে জমিয়ে রাখা দুই লাখ টাকা আলমারিতে সংরক্ষণ করেছিলেন তোফাজ্জল। কিন্তু উইপোকা ও ইঁদুর সেই টাকা কেটে টুকরো টুকরো করে ফেলে। নষ্ট হয়ে যাওয়া টাকার টুকরো সামনে নিয়ে তাঁর আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মানুষের নজরে আসে।

পরে তাঁর দুর্দশার খবর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছালে তাঁরা সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁদের পাঠানো দুই লাখ টাকা পেয়ে হারানো সঞ্চয়ের সমপরিমাণ অর্থ ফিরে পেলেন এ কৃষক। এই সহায়তা ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাও দেখছেন তোফাজ্জল হোসেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর