রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকা সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকা সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ। এ উন্নয়ন ধরে রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকারের উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এখন সেই সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। এলাকাবাসী সহযোগিতা করলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সময় ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু স্থানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়ার পরামর্শ দেন।

মহাসড়কের যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেগুলো পরিষ্কার করে সৌন্দর্যবর্ধনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

pm2

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার সৌন্দর্য আরও বাড়বে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ কাজে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন তারেক রহমান। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ঢাকা জেলা প্রশাসক এ কাজের মাধ্যমে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য জেলার প্রশাসকেরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলো পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মহাসড়কসংলগ্ন এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নান্দনিকতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর