শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ এএম

শেয়ার করুন:

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশের ফাঁকা জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে নির্মাণাধীন ভবনের সামনের সুইমিংপুলে মেয়েকে রেখে তিনি ভবনের ভেতরে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

নিহত মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানী এলাকার একটি বাড়িতে বসবাস করতেন।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সাবেক এই অতিরিক্ত সচিব ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। তার চোখে কিছুটা কম দেখার সমস্যা ছিল বলেও জানান তিনি। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর