মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

অভিবাসন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সম্মত ইইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

অভিবাসন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সম্মত ইইউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ম্যাগনুস ব্রুনার

অভিবাসন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন তারা।

সোমবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ম্যাগনুস ব্রুনার।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের প্রত্যাবর্তন এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলোকে বাস্তবসম্মত, চাহিদাভিত্তিক ও ফলাফলমুখী ‘মোবিলিটি করিডোর’ এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় শামা ওবায়েদ ইসলাম ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ এর লক্ষ্যসমূহ বাস্তবায়নে সরকারের গৃহীত ‘জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) ২০২৬-২০৩০’ এর বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন।

ইইউ কমিশনার ইউরোপীয় ইউনিয়নের ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’ উপস্থাপন করেন, যার লক্ষ্য হলো উৎপত্তিস্থল, ট্রানজিট দেশ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইউরোপে অবৈধ অভিবাসন প্রতিরোধ করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়ে বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাব ব্যক্ত করেন।

একইসঙ্গে তিনি অনিয়মিত ও অবৈধ অভিবাসন রোধ ও প্রতিরোধে ভুয়া কাগজপত্র প্রস্তুতকারী এবং অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপসমূহসহ বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কমিশনারকে অবহিত করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পথ সুগম করতে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো চিহ্নিত করে তা দূর করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সমন্বিত উদ্যোগের অপরিসীম গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষই অভিবাসনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উভয় পক্ষই পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে ধারাবাহিক সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর