সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জনের বেশি বাংলাদেশি: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জনের বেশি বাংলাদেশি: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সৌদি আরবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ২৪ জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। আর ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি, সংঘাতময় পরিস্থিতির দ্রুত অবসান হবে এবং যুদ্ধ বন্ধ হবে। কারণ নিরীহ বেসামরিক মানুষ বেঘোরে প্রাণ হারাচ্ছেন এবং পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।

সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব সম্পর্কে শামা ওবায়েদ বলেন, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় সরবরাহ ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। বর্তমানে জ্বালানি প্রতিমন্ত্রী সৌদি আরবে অবস্থান করে দুই দেশের জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।

তবে এখনই বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের কোনো আশঙ্কা দেখা যায়নি বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের সংঘাত প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি চাকরি হারিয়ে দেশে ফিরেছেন। অনেকে সেখানে কর্মহীন অবস্থায় রয়েছেন। শুধু সৌদি আরবেই ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এ পরিস্থিতিতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসন বাড়াতে কাজ করছে সরকার।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতি গোষ্ঠীর হামলার কারণে বাংলাদেশ-সৌদি আরব রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের মোট ১০টি ফ্লাইটের চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে।

সেমিনারে বিআইআইএসএসের গবেষকেরা প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর