সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ ও কানাডার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এছাড়া রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সার্বিক সহযোগিতা ও অংশীদারত্ব প্রত্যাশা করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে অবস্থান করছে। একটি জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান কেবল তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত।

জবাবে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ক্ষেত্রে কানাডা একটি সম্ভাবনাময় অংশীদার হতে পারে বলে বৈঠকে জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। পাশাপাশি নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে কানাডার বর্তমান কার্যক্রম আরও জোরদার ও সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ডাল ও তৈলবীজের মতো কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহব্যবস্থা জোরদারে যৌথভাবে কাজের বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় কানাডার বিদ্যমান ভূমিকার কথা উল্লেখ করা হয়।

কৃষি খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রী সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, এর মাধ্যমে কৃষকদের সার ও বীজসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে এবং সঠিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি সহায়তা কার্যকর করা হবে। উপাত্তভিত্তিক পরিকল্পনা প্রণয়নে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে ফলপ্রসূ কথা হয়।

সামাজিক সুরক্ষায় বিশ্বব্যাংকের তথ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন খাদ্য ভর্তুকি ও নগদ সহায়তা কর্মসূচির সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে দেশের অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। সরকার শুধু সামাজিক সুরক্ষাই নয়, বরং মানুষের আয় ও কর্মসংস্থান বাড়িয়ে আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্ব দিচ্ছে।

কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১,৩০০ কোটি কানাডীয় ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে কানাডার, যার মাধ্যমে বাংলাদেশও ব্যাপকভাবে উপকৃত হতে পারবে। নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো সবুজ উদ্যোগে কানাডার অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া বড় উন্নয়ন প্রকল্পের আগে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় কারিগরি সহযোগিতার আগ্রহ দেখিয়েছে কানাডা।

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও তাদের সামাজিক-অর্থনৈতিক অবদানের উচ্চ প্রশংসা করেন রণদীপ সরাই। বৈঠকে শেষে কানাডার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অজিত সিংসহ প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর