সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সম্পর্ক নিয়ে বান্ধবীর কটু কথায় গায়ে কেরোসিন ঢেলে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

সম্পর্ক নিয়ে বান্ধবীর কটু কথায় গায়ে কেরোসিন ঢেলে তরুণীর আত্মহত্যা
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতারকৃত বান্ধবী মিনাক্ষী রানী ও বিকি বাবু

‎রাজধানীর বংশাল এলাকায় সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলায় শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নিশা রানী নামের এক তরুণী। এ মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বান্ধবী মিনাক্ষী রানী ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করেছে পুলিশ।

‎‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

ফারুক হোসেন জানান, গত ২ অক্টোবর সকালে বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান ২৮ বছর বয়সী নিশা রানী। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। পরে তারা একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাশতা করেন। এরপর যান রমনা কালী মন্দিরে। পূজা শেষে মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী তাকে সেখান থেকে একটি রেস্তোরাঁয় নিয়ে যান। সেখানেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান। ওই দিন বিকালে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিকি বাবু মিনাক্ষীর বাসায় আসেন। খবর পেয়ে নিশাও সেখানে যান।

‎‎তিনি আরও জানান, একপর্যায়ে বিকি বাবু ও মিনাক্ষী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই দিন দিবাগত রাত ৩টার দিকে বংশাল থানার সিটি কলোনিতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সামনেই নিশা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় নিশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নিশা রানীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা দায়ের করা হয়।

যুগ্ম পুলিশ কমিশনার জানান, মামলা হওয়ার পর গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে সোমবার সকাল সাড়ে৬টার দিকে বংশাল থানা এলাকার একটি স্থান থেকে মিনাক্ষী রানীকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।

‎‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর