রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাইয়ুম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
নিহত কাইয়ুমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকায়। তার বাবার নাম মো. খোকন মিয়া।
নিহতের সহকর্মী আব্দুল কাইয়ুম জানান, কাইয়ুম চকবাজারের গোল্ডেন প্লাস্টিক কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
তিনি জানান, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে কাইয়ুম অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে কাইয়ুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএম




