বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ এএম

শেয়ার করুন:

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে’ জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন’, বৈঠক শেষে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলেন রুমন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তার সফরে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) তারেক রহমান ‘রোহিঙ্গা সংকট: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতার নতুন আহ্বান’শীর্ষক উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ-আয়োজক হিসেবে রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক রাজনৈতিক ও মানবিক সহায়তার নতুন করে জোরালো সমর্থন আদায়, জবাবদিহিতার প্রচেষ্টা জোরদার এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিই এ অনুষ্ঠানের লক্ষ্য।

জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশসহ রোহিঙ্গা শরণার্থী আশ্রয়দানকারী দেশগুলোর জন্য অব্যাহত আন্তর্জাতিক সহযোগিতা এবং সংকটের মূল কারণগুলো মোকাবিলার আহ্বান জানিয়েছেন, যাতে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন জুলি বিশপ। তিনি মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে আসছেন।

নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

বিইউ/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর