নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। একইসঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও আদিবাসী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
গত ৭ সেপ্টেম্বর রূপগঞ্জের একটি ভাড়া বাড়িতে রিয়া সরেন নামের ওই সাঁওতাল কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার এ মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছে না, তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কিশোরীর এমন রহস্যজনক মৃত্যু কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রভাত টুডু বলেন, রিয়া সরেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি। আমরা কোনো অনুমান বা গুজবের ভিত্তিতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন চাই। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আদিবাসী জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিল্কী সেদেক হাঁসদা। তিনি বলেন, রিয়া সরেনের মৃত্যুর ঘটনাটি যথাযথভাবে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সামাজিক, অর্থনৈতিক কিংবা জাতিগত পরিচয়ের কারণে কেউ যেন ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন আদিবাসী লেখক ও গবেষক মিথুশিলাক মুরমু।
আইনজীবী প্রভাত টুডুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ, প্রফুল্ল টুডু, দানিয়েল মার্ডী ও নারী নেত্রী শিখা সরেন প্রমুখ।
আরএনবি/এফএ




