নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সকালে হাসপাতালের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করে। একপর্যায়ে তার নাম লিটন বলে জানা যায়।
নিহত লিটন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে আব্রাহাম ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে লিটনের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাগিনা আলমগীর হোসেন জানান, লিটন আগে একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন। প্রায় ছয় মাস আগে থেকে তিনি নির্মাণশ্রমিকের কাজ শুরু করেন। লিটনের মৃত্যুর খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন।
প্রতিনিধি/এসএস




