নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুরের একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জামির হোসেন নামের একজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




