শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ছুটির দিনও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ছুটির দিনও অফিস খোলা রাখার নির্দেশ ইসির
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বিশেষ করে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণের দিনসমূহ ও প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং বাতিল বা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও এই সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে উল্লিখিত অফিসসমূহ খোলা রাখা এবং প্রয়োজনে অফিস সময়ের পরেও অফিস খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে বিশেষভাবে উল্লেখ্য যে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিন বিকাল ৪টার পর কোন মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না অথবা কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।

এমএইচএইচ/এএম

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর