শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লাইভ শপিংয়ে মব তৈরি করে লুটপাটের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

লাইভ শপিংয়ে মব তৈরি করে লুটপাটের অভিযোগ
রাজধানীর মিরপুরে লাইভ শপিং ফেক্টরী আউটলেটে মব তৈরি করে লুটপাটের অভিযোগ। ছবি- ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে লাইভ শপিং ফেক্টরী আউটলেটে মব তৈরি করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর এই ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের এডিসি ইয়াসিনা ফেরদৌস। 

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

জানা গেছে, শপিংয়ের আউটলেটে বিকেলে গ্রাহকরা ভিড় জমান। তারা এসময় অফারের জিনিস কিনছিল। এসময় এক গ্রাহকের সঙ্গে এক নারী কর্মীর বাকবিতণ্ডা হয়। ওই নারী শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র পুরো শপিংমলে তাণ্ডব ও লুটপাট চালায়।

এসময় উপায় না দেখে কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পুলিশের সহায়তা চায়। কিন্তু পুলিশের সহায়তা পায়নি বলেও জানায় কর্তৃপক্ষ।

লাইভ শপিংয়ের ফেসবুক পেজে বিকেলে তিনটার পর স্ট্যাটাস দিয়ে বলা হয়, ‘আমাদের মিরপুর Live Shopping Factory Outlet কিছু গ্রুপ ইচ্ছা করে ঢুকে মব তৈরির চেষ্টা করছে! ভাঙচুর শুরু করার চেষ্টা করছে, পুলিশের ৯৯৯ এ ফোন দিয়েছি, এখনো হেল্প পাইনি।’ 

পরে আরেক স্ট্যাটাসে জানানো হয়, ‘আল্লাহ আজকে আমাদের রক্ষা করেছেন! আপনাদের দোয়া ভালোবাসা আর বাংলাদেশ পুলিশের দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা কৃতজ্ঞ! এই অফার আরও ৭ দিন আপনাদের জন্য রাখলাম!’

শেষে অফার এবং শপিং আউটলেট বন্ধ ঘোষণা করে জানানো হয়, ‘ক্ষমা করবেন! আমাদের মিরপুর Live Shopping Factory Outlet অলরেডি লুটপাট হয়েছে, পুলিশ নিয়ন্ত্রণ করছেন এবং আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে! যারা মব করেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’

তবে এক পর্যায়ে শপিং আউটলেটটির মালিক আশিক খান তার ফেসবুক পেজে বলেন, ‘২ কোটি ৩০ লক্ষ টাকা ব্রাক ব্যাংক থেকে লোন নিয়ে আমি আউটলেট রেডি করেছি আর আজকে আমার আউটলেটের মেয়েদের শ্লীলতাহানি করলো মব সৃষ্টিকারীরা! আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না!’

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর