শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টিআইবির সুপারিশে ভূমি অফিস পরিদর্শনের ছক বদলাচ্ছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

টিআইবির সুপারিশে ভূমি অফিস পরিদর্শনের ছক বদলাচ্ছে মন্ত্রণালয়
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালা

মাঠপর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে উপজেলা/রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিস পরিদর্শনের বিদ্যমান ছক বা ফরম্যাট পরিমার্জনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে ছক দুটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এতে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং মাঠপর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় উপজেলা/রাজস্ব সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিস পরিদর্শনে বর্তমানে ব্যবহৃত দুটি ছকের বিভিন্ন দিক তুলে ধরে টিআইবির পক্ষ থেকে পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করা হয়। পরিদর্শন ছকে কোন বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং কীভাবে পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় হয়।

আলোচনায় মাঠপর্যায়ে ভূমি সেবার গুণগত মান বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা জোরদার এবং সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের সেবা ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে আনা এবং অনিয়ম বা দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও আলোচনার ভিত্তিতে বিদ্যমান পরিদর্শন ছক দুটি প্রয়োজনীয় ক্ষেত্রে পরিমার্জন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, শুধু নিয়মিত পরিদর্শন করলেই হবে না, পরিদর্শনে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ যথাযথভাবে মূল্যায়ন করে সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে মাঠপর্যায়ে ভূমি সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা বাড়বে এবং সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি কমানো সম্ভব হবে।

এএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর