নারায়ণগঞ্জের সদর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত না থাকা এবং আগাম হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর খানপুর এলাকায় নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ তিনটি সার্কেলের ভূমি কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় দুটি সার্কেল কার্যালয়ে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় তাদের অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, “জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।”
এ সময় ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
প্রতিনিধি/এসএস




