বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন: তথ্যমন্ত্রী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পথে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, দেশের বিভিন্ন অর্জন ও গণতন্ত্রের বর্তমান পর্যায়ে পৌঁছানোর পেছনে গণমাধ্যমের কৃতিত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। গণমাধ্যম যে ভূমিকা সবসময় পালন করেছে, তার ফলশ্রুতিতে আজ আমাদের যত অর্জন। আমরা যেখানে আছি এবং বাংলাদেশে গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি— তার ক্রেডিট সমান-সমান গণমাধ্যমের।

মন্ত্রী হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান উল্লেখ করে ডিআরইউ সদস্যদের ধন্যবাদ জানান আন্দালিভ রহমান পার্থ।

মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ! আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন। আমাদের তরফ থেকে মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই।

সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীও এই বিশ্বাসে বিশ্বাস করেন যে সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ হবে।

পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১০টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে বেলা ১১টায় ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিআরইউ প্রাঙ্গণে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর ডিআরইউ প্রাঙ্গণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর