বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার
ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সনাতন পদ্ধতির বদলে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘চাকরি প্রাপ্তির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তরুণ মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পাচ্ছেন। এই স্বচ্ছতার সম্মান ধরে রাখতে কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

ভূমি সেবার জটিলতা ও সংস্কারের নানা দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় নানা পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সেবাকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই সেবা পেতে পারেন।’

তিনি বলেন, ‘নাগরিকদের জন্য প্রবাসীদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ এবং দেশের অভ্যন্তরে ১৬১২২ নম্বরসহ ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী।

তিনি বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগ নিয়ে আগে নানা আশঙ্কা থাকলেও শতভাগ মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হওয়ায় সব প্রশ্ন দূর হয়েছে। কর্মকর্তাদের উচিত নিজেদের আবেদনকারীর আসনে বসিয়ে সেবা দেওয়া। তাহলেই প্রকৃত সেবাপ্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন।’

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর