তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্য একটি প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে সরকারের প্রথম মন্ত্রিসভা পুনর্বিন্যাসে জহির উদ্দিন স্বপনের কাছ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্থকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রিসভার ওই রদবদলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রদবদলে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে। একই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রীর পদ ছাড়ায় মন্ত্রণালয়টির দায়িত্ব শূন্য হয়েছিল।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। তাদের শপথের পরপরই সরকারের মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদলের অংশ হিসেবে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়।
এফএ




