বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হয়েছে। নতুন করে শপথ নেওয়া চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একজন মন্ত্রীর দফতর পরিবর্তন এবং একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
কে কোন দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। পরে তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী সমমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান।
এরআগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান তিনি।
এমএইচআর




