রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশকে এগিয়ে নিতে হেফাজতকে পাশে চান প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলাম যেভাবে বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও যেন সেভাবেই পাশে থাকে সেই অনুরোধ করেছেন সরকারপ্রধান। 

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।’

আরও পড়ুন: বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি।’

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় দেশে বিপুল অর্থ লুট হয়েছে। নির্বাচনের পরও নানা সমস্যা সামনে এসেছে। 

ফটিকছড়ির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ এলাকায় হাসপাতাল ও শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ এবং কর্মসংস্থানেরও দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে।

আরও পড়ুন: আল্লামা শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময় দেশে নিজেদের গ্যাসের মজুত আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমনকি অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে। বিদেশিদের হাতে গ্যাস দিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নয় দফা দাবিও তুলে ধরা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর