রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় তাদের সাক্ষাৎ হয়।

বিএনপি মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এ সফর ও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হুজুরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।’

বাবুনগর মাদরাসায় পৌঁছালে প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাকে অতিথিকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন দৃষ্টিহীন বৃদ্ধ

বাবুনগর মাদরাসায় যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

হেফাজত আমিরের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করেন।

PM21

প্রধানমন্ত্রীর এ সফরে হেফাজতে ইসলাম ও কওমি মাদরাসা সংশ্লিষ্টদের সঙ্গে রাষ্ট্রীয় নেতৃত্বের যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বাবুনগর মাদরাসার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে দেশের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শনের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে রোববার দুপুরে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন সরকারপ্রধান।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর